ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান, ইতালির দায়িত্বে ফিরলেন রবের্তো মানচিনি

বাবান আদক, কলকাতা: ইউরোপীয় ফুটবলে এখন পালাবদলের হাওয়া। এক দিকে যখন খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা ইতালীয় ফুটবলের হাল ধরতে তিন বছর পর আবারও জাতীয় দলের…

zinedine-zidane-france-head-coach

বাবান আদক, কলকাতা: ইউরোপীয় ফুটবলে এখন পালাবদলের হাওয়া। এক দিকে যখন খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা ইতালীয় ফুটবলের হাল ধরতে তিন বছর পর আবারও জাতীয় দলের হটসিটে ফিরছেন রবের্তো মানচিনি, তখন অন্য দিকে দিদিয়ের দেশঁর ১৪ বছরের দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটিয়ে ফরাসি জাতীয় দলের রিমোট কন্ট্রোল উঠছে কিংবদন্তি জিনেদিন জিদানের (Zinedine Zidane) হাতে। বিশ্ব ফুটবলের দুই মহাশক্তির ডাগআউটে এই দুই হেভিওয়েট মহাতারকার প্রত্যাবর্তন ঘিরে ফুটবল মহলে এখন তুঙ্গে উন্মাদনা।

পরপর তিনবার বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়ে ইতালির ফুটবল এখন গভীরতম সংকটে আচ্ছন্ন। এই পাহাড়প্রমাণ ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে গত এপ্রিলে ইতালীয় ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা এবং কোচ জেনারো গাত্তুসো পদত্যাগ করেন। এই টালমাটাল ও দিশেহারা পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেই মানচিনি, যিনি ২০২১ সালে আজ্জুরিদের স্বপ্নের ইউরো কাপ জিতিয়েছিলেন।

Advertisements

২০২৩ সালের অগস্টে আচমকা পদত্যাগ করে সৌদি আরবের দায়িত্ব নেওয়া মানচিনির এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে চমকপ্রদ। ফেডারেশনের বর্তমান সভাপতি জিওভান্নি মালাগো মঙ্গলবার তাঁর নাম ঘোষণার পাশাপাশি জানান, দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন ক্লদিও রানিয়েরি। মাত্র ১৬ দিন পদে থাকার পর পাওলো মালদিনির ইস্তফার পরেই এই তাৎপর্যপূর্ণ রদবদল করল ইতালি।

Also Read | CHESS Plus! স্কুলের বেঞ্চ থেকেই উঠে আসবে আগামী দিনের গ্র্যান্ডমাস্টার!

অন্য দিকে, ফরাসি ফুটবলেও শুরু হচ্ছে এক নতুন যুগ। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর ফরাসি দলের দায়িত্ব ছেড়েছেন দীর্ঘদিনের সফল কোচ দেশঁ। তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে ৫৪ বছর বয়সি জিদানের নাম চূড়ান্ত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন। রিয়াল মাদ্রিদের হয়ে ম্যানেজার হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ‘জিজু’ এই দায়িত্ব পাওয়াকে “অত্যন্ত গর্বের বিষয়” বলে অভিহিত করেছেন। ২০৩০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব সামলাবেন ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী এই ফরাসি কিংবদন্তি।

Also Read |  ফুটবলে রাজনীতির থাবা! রাশিয়ার সংস্থার চুক্তিতে বিতর্ক, ইতালির কোচে না আন্দ্রেয়া পিরলোর

২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ম্যানেজমেন্টের বাইরে থাকা জিদানের প্রথম কড়া পরীক্ষা আগামী ২৫ সেপ্টেম্বর, নেশনস লিগে তুরস্কের বিরুদ্ধে। বিশ্ব ফুটবলের দুই অন্যতম সেরা ট্যাকটিশিয়ানের এই হাইপ্রোফাইল প্রত্যাবর্তন আন্তর্জাতিক ফুটবলের সমীকরণ আগামী দিনে ঠিক কতটা বদলে দেয়, এখন সেটাই দেখার অপেক্ষায় তামাম ফুটবল দুনিয়া।