সায়ন সেনগুপ্ত, কলকাতা: রবিবার ভারতীয় সময় রাত আড়াইটে নাগাদ বিশ্বকাপের (FIFA World Cup) শেষ ষোলোর ম্যাচে নেমেছিল ফরাসি ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল প্যারাগুয়ে। গত রাউন্ডেই চারবারের বিশ্বজয়ী দল তথা জার্মানিকে পরাজিত করেছিল গুস্তাভো আলফারোর দল। কাজেই এই ম্যাচ নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিল সকলের। তাছাড়া এমন শক্তিশালী দলকে পরাজিত করা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়ে থাকে দলের ফুটবলারদের। সেগুলিকে সঙ্গী করে ফ্রান্সের বিপক্ষে খেলতে নেমেছিল প্যারাগুয়ে দল। যদিও এবার বাজিমাত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে প্যারাগুয়ে।
পেনাল্টি থেকে গোল করে যান কিলিয়ান এমবাপে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চোখ ধাঁধানো পাস থেকে শুরু করে দুরপাল্লার শট ছিলনা কোনও কিছুই। এমনকি দৃষ্টিনন্দন ফুটবল বলতে যা বোঝায় তার ও দেখা মেলেনি। হলুদ কার্ডের বহরের পাশাপাশি ম্যাচ জুড়ে দেখা গিয়েছে ট্যাকল ও লড়াই। এদিন প্রথম থেকেই এমবাপে থেকে শুরু করে উসমান ডেম্বেলে, ও বারকোলার মত ফুটবলারদের মার্কিং করে রেখেছিলেন প্রতিপক্ষের ফুটবলারদের। যারফলে, রক্ষণভাগে আটকে যেতে হয়েছিল বারংবার। এমনকি বিপক্ষ ফুটবলারের জোড়ালো ট্যাকেলে একবার মাটিতেও লুটিয়ে পরেছিলেন এমবাপে।
আরও পড়ুন: আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া
আরও পড়ুন: ঘানাকে পিছনে ফেলে শেষ ষোলোয় কলম্বিয়া, চোটের কবলে এই ফুটবলার
যদিও পরবর্তীতে পরিস্থিতি সামাল দিয়েছিলেন ম্যাচ রেফারি। তারপর ম্যাচের বদল আসে ৬৫ মিনিটে। যখন মাঠে নামেন দেজিরে দুয়ে। তাঁকে বক্সে ফেলে দিয়েছিলেন দিয়াগো গোমেজ। প্রথম দিকে রেফারির নজর এড়ালেও পরবর্তীতে ভিএআর এর মধ্য দিয়ে পেনাল্টি সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি। সেখান থেকেই ৭০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিতে ভুল করেননি কিলিয়ান এমবাপে। পরবর্তীতে প্যারাগুয়ে উঠে এসে গোল করার চেষ্টা করলেও খুব একটা সুবিধা করতে পারেনি। অপরদিকে এমবাপ্পের কাছে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রতিপক্ষের গোলরক্ষক। তার দক্ষ হাতে আটকে যেতে হয়েছিল বারংবার। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানেই আসে জয়। এবার তাদের লড়াই করতে হবে আশরাফ হাকিমিদের মরক্কোর বিপক্ষে।
আরও পড়ুন: নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?
আরও পড়ুন: লক্ষ্য মূলপর্ব! এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল,
তবে পরবর্তীতে প্যারাগুয়ে ম্যাচ প্রসঙ্গে এমবাপে বলেন, ‘ দলের প্রয়োজনে যদি ডার্টি ফুটবল খেলতে হয় সেটাতে ও আমরা তৈরি। প্যারাগুয়ে ভেবেছিল আমরা ছোট ছোট পাস খেলে আক্রমণে আসবো। কিন্তু সেটা একেবারেই হয়নি। আমরাও প্রয়োজনে অন্যরকম ফুটবল খেলতে জানি। আজ আমরা সেটাতে প্যারাগুয়ের থেকেও ভালো ছিলাম।’ আরও বলেন, ‘ আমরা জানতাম কি ধরনের ম্যাচ হতে চলেছে। তাই সব মাথায় রেখেই আমরা নিজেদের তৈরি করেছিলাম। আমরা প্রমাণ করেছি আমরা যে শুধুমাত্র ফুটবল খেলি সেটা একেবারেই নয়। প্যারাগুয়ে তাদের মত করে আমাদেরকে হারাতে চেয়েছিল কিন্তু সেটা সম্ভব হয়নি।’

