Kashmir: হিজাব-গেরুয়া স্কার্ফে তপ্ত দেশ, কাশ্মীরে শিব মন্দিরের সেবাইত আহমেদ আলি

কর্নাটকের হিজাব বিতর্ক ইতিমধ্যে দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে একটা সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। কিন্তু এরই মাঝে অনন্য ছবি উঠে এল ভূস্বর্গে। শ্রীনগরে একটি শিবমন্দিরে বছরের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কর্নাটকের হিজাব বিতর্ক ইতিমধ্যে দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে একটা সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। কিন্তু এরই মাঝে অনন্য ছবি উঠে এল ভূস্বর্গে। শ্রীনগরে একটি শিবমন্দিরে বছরের পর বছর ধরে পুজোর যাবতীয় দায়িত্ব পালন করে চলেছে মুসলিম পরিবার। বাবা আহমেদ আলি ও ছেলে নিসার দুজনে মিলে নিয়মিত মন্দিরটির যাবতীয় কাজ করেন। এভাবেই তাঁরা তৈরি করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন।

শ্রীনগরের জবরওয়ান এলাকায় পরিচিত গোপী তীর্থ মন্দির। বহু বছর ধরে এই মন্দিরটির দেখভাল করছেন বৃদ্ধ আহমেদ আলি ও তাঁর ছেলে নিসার। তাঁদের দেখে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এই শিব মন্দির হল কাশ্মীরের সৌভ্রাতৃত্বের প্রতীক। তাই তাঁরা হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলে হাতে হাত মিলিয়ে এই মন্দিরের যাবতীয় কাজ সারেন।

   

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন সকালে বৃদ্ধ আহমেদ আলি ছেলে নিসারকে নিয়ে মন্দিরে চলে আসেন। এরপর বাবা ও ছেলে মিলে মন্দির চত্বর পরিষ্কার করার পাশাপাশি পুজোর প্রস্তুতি শুরু করেন।

এলাকার প্রবীণ বাসিন্দা মহম্মদ ইকবাল বলেছেন, আহমেদ আলি ও তাঁর ছেলে বেশ কয়েক বছর ধরে এই মন্দিরের যাবতীয় তদারকি করেন। কাশ্মীরের মানুষের সৌভ্রাতৃত্বের বন্ধনের প্রতীক হল এই মন্দির। এই মন্দিরের দেখভাল করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। নুরুল হাসান নামে আর এক বাসিন্দা বলেছেন, কাশ্মীরে বহু হিন্দু মন্দির আছে যেগুলি মুসলিমরাই দেখভাল করে থাকে। এটাই হল আসল ছবি। কিন্তু এই ছবি সংবাদ মাধ্যমে তুলে ধরা হয় না।

জানা গিয়েছে, আহমেদ ও তাঁর ছেলে নিসার যদি কোনও কারণে মন্দিরের কাজ করতে না পারেন সে ক্ষেত্রে অন্য বাসিন্দারা গোপী তীর্থ মন্দিরের যাবতীয় কাজ করেন। এই মন্দিরকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে এক অপার শান্তি। যেখানে মুসলিম সম্প্রদায়ের মেয়েদের পোশাক নিয়ে এত বিতর্ক সেখানে আহমেদ এবং তাঁর ছেলের এই কাজ নিশ্চিতভাবেই সম্প্রীতির প্রকৃত ছবি হয়ে উঠতে পারে দেশের সামনে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google