Home Politics ‘কলেজস্ট্রিটের বর্ণপরিচয়ে পকেট ভরেছিলেন বাম নেতারা!’ দাবি তরুণজ্যোতির

‘কলেজস্ট্রিটের বর্ণপরিচয়ে পকেট ভরেছিলেন বাম নেতারা!’ দাবি তরুণজ্যোতির

college-street-barnaparichay-project-controversy-tarunjyoti-tiwari

কলকাতা: কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিট বইপাড়া ও তার উন্নয়ন প্রকল্প ‘বর্ণপরিচয়’ নিয়ে ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে (College Street)। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি এই প্রকল্পকে ঘিরে একাধিক অভিযোগ তুলে সরাসরি বাম আমলের প্রশাসনকে নিশানা করেছেন। তাঁর দাবি, উন্নয়নের নাম করে এই প্রকল্পের সঙ্গে যুক্ত সময়ে অনিয়ম হয়েছে এবং একাংশ বাম নেতা ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভবান হয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। তরুণজ্যোতি বলেন সেই সময় এই প্রকল্পের জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে পৌরসভা। কিন্তু সেই প্রকল্পের নাম করে বাম নেতাদের একাংশ বড়লোক হলেও কলেজস্ট্রিটের উন্নয়ন আজও হয়নি।

- Advertisement -

এই বিতর্কিত প্রকল্পটি মূলত কলেজ স্ট্রিট বইপাড়াকে আধুনিক পরিকাঠামোর মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই শুরু হয়েছিল। বই বিক্রেতা ও প্রকাশকদের জন্য একটি সংগঠিত মার্কেট গড়ে তোলা, দোকানগুলিকে পুনর্বিন্যাস করা এবং পুরনো পরিকাঠামো উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কলকাতা পৌরসভার উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বইপাড়ার ঐতিহ্য বজায় রেখে আধুনিকীকরণ।

   

আরও দেখুনঃ‘যাঁদের বৈধ কাগজ নেই, এবার তাঁরা পালান!’ প্রতি জেলায় হোল্ডিং সেন্টার নিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি

প্রকল্পের প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হয় তৎকালীন মেয়র ও বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য-এর সময়। সেই সময় কলকাতা পৌরসভা একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রকল্পের অগ্রগতি থমকে যায় বলে অভিযোগ। দীর্ঘ বছর ধরে কাজ সম্পূর্ণ না হওয়ায় বই ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিকদের একাংশ হতাশা প্রকাশ করেছেন।

সাম্প্রতিক মন্তব্যে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি বলেন, “উন্নয়নের নামে যে প্রকল্প শুরু হয়েছিল, তা কার্যত দীর্ঘসূত্রিতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।” তাঁর অভিযোগ, প্রকল্পের স্বচ্ছতা, ব্যয় এবং বাস্তবায়ন নিয়ে বহু প্রশ্ন আজও অমীমাংসিত। তিনি আরও দাবি করেন, এই ধরনের বড় প্রকল্পের আড়ালে প্রশাসনিক স্তরে অনিয়মের সুযোগ তৈরি হয়েছিল। তরুণ জ্যোতি প্রশ্ন তুলেছেন তৎকালীন বাম সরকার প্রকল্পের কোনও বিস্তারিত বিবরণ মানুষের সামনে আনেনি। পরবর্তী কালে তৃণমূল ক্ষমতায় এলেও সেই বেনিয়ম নিয়ে কোনও প্রশ্ন তোলা হয়নি বলেও তিনি অভিযোগ করেছেন।

কলেজ স্ট্রিট বইপাড়া কলকাতার সাংস্কৃতিক ও বৌদ্ধিক ঐতিহ্যের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, গবেষক ও বইপ্রেমী আসেন। তাই এই এলাকার উন্নয়ন প্রকল্প শহরের নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কিন্তু ‘বর্ণপরিচয়’ প্রকল্প দীর্ঘদিনেও সম্পূর্ণ না হওয়ায় প্রশ্ন উঠছে পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে ব্যবধান নিয়ে।

স্থানীয় বই ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, প্রকল্প নিয়ে বহুবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কাজ খুবই ধীর গতিতে এগিয়েছে। ফলে ব্যবসায়িক কার্যক্রমেও প্রভাব পড়েছে। অনেকে মনে করেন, পুনর্বিন্যাস হলে আধুনিক সুযোগ-সুবিধা পাওয়া যেত, কিন্তু দীর্ঘ বিলম্বে সেই সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হয়েছেন।

অন্যদিকে রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরোধীরা অভিযোগ করছেন, পুরনো প্রকল্প নিয়ে নতুন করে রাজনৈতিক আক্রমণ চালানো হচ্ছে। আবার শাসক শিবিরের একাংশের বক্তব্য, প্রকল্প নিয়ে সিদ্ধান্ত ও বাস্তবায়নের নানা প্রশাসনিক জটিলতা ছিল, যা এককভাবে কোনও রাজনৈতিক দলের ওপর চাপানো ঠিক নয়।

Follow on Google