উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Shekhar Roy) । তাঁর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে এই পদক্ষেপ একদিকে যেমন বিস্ময় তৈরি করেছে, অন্যদিকে তেমনি শুরু হয়েছে নানা জল্পনা।
সূত্রের খবর, সোমবার সকালে তিনি উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান। রাজ্যসভার নিয়ম অনুযায়ী, সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হলে উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। সেই প্রক্রিয়া মেনেই তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন বলে জানা গিয়েছে। এরপরই তাঁর রাজ্যসভা সদস্যপদ শেষ হওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে যায়। সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের (Sukhendu Shekhar Roy) অন্যতম অভিজ্ঞ ও পরিচিত মুখ হিসেবে দীর্ঘদিন ধরে রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করে আসছিলেন।তৃণমূল থেকেও পদত্যাগ করেছেন তিনি। সংসদীয় বিতর্কে তাঁর সক্রিয় অংশগ্রহণ, আইন ও নীতি সংক্রান্ত আলোচনায় যুক্তিসম্মত বক্তব্য এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তাঁর স্পষ্ট অবস্থান তাঁকে জাতীয় রাজনীতিতে পরিচিত করে তুলেছিল।
তাঁর পদত্যাগকে ঘিরে রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে এখনো পর্যন্ত কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। দলীয় সূত্রেও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে জল্পনা আরও বেড়েছে।




















