সেনার বীরত্ব নিয়ে ‘বিদ্রুপ’! তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতে মামলা

কৃষ্ণনগর: ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে আইনি বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সাফল্য নিয়ে বিদ্রুপ করার অভিযোগে…

Mahua Moitra CBI Chargesheet

কৃষ্ণনগর: ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে আইনি বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সাফল্য নিয়ে বিদ্রুপ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতে মামলা দায়ের করা হয়েছে। জনৈক এক নাগরিকের করা এই অভিযোগের ভিত্তিতে জেলা রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। (Mahua Moitra Indian Army Remark Case)

ঘটনার প্রেক্ষাপট

অভিযোগকারী গৌরাঙ্গ দে, যিনি নদিয়ার ভীমপুরের বাসিন্দা। তাঁর দাবি, গত এপ্রিল মাসে ভারতীয় সেনাবাহিনী যখন পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে সাফল্য পায়, সেই সময় সাংসদ মহুয়া মৈত্র সেনাকর্মীদের লক্ষ্য করে অবমাননাকর মন্তব্য করেছিলেন। গৌরাঙ্গ বাবুর মতে, যে বীর জওয়ানদের জন্য দেশবাসী গর্বিত, তাঁদের নিয়ে একজন জনপ্রতিনিধির এহেন কুরুচিকর শব্দপ্রয়োগ সমগ্র ভারতবাসীকে অপমানিত করেছে।

আদালতে মামলার কারণ

সাংসদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে আদালতে মামলা রুজু করেছেন গৌরাঙ্গ বাবু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “একজন সাংসদ হিসেবে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের অসংবেদনশীল মন্তব্য কাম্য নয়। তিনি গোটা বিশ্বের কাছে আমাদের দেশের বাহিনীকে ছোট করেছেন। এই অপমানের বিরুদ্ধে আইনি লড়াই জরুরি ছিল।”

দাবি ও প্রতিক্রিয়া

অভিযোগকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, মহুয়া মৈত্রকে তাঁর এই মন্তব্যের জন্য প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেস বা মহুয়া মৈত্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও মহুয়া মৈত্র তাঁর একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে জাতীয় রাজনীতির শিরোনামে এসেছেন। এবার সেনাবাহিনীর আত্মমর্যাদায় আঘাত হানার অভিযোগ তাঁর ওপর আইনি চাপ কতটা বাড়ায়, এখন সেটাই দেখার।