কংগ্রেসের মঞ্চে মমতার ছবি! একুশে জুলাই ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে

কলকাতা: ২১ জুলাইয়ের প্রেক্ষাপট এবং তার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের কথা মাথায় রেখে এ বার একুশে জুলাইয়ে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে প্রদেশ কংগ্রেস। শহিদ…

Mamata Banerjee’s Photo on Congress Stage

কলকাতা: ২১ জুলাইয়ের প্রেক্ষাপট এবং তার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের কথা মাথায় রেখে এ বার একুশে জুলাইয়ে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে প্রদেশ কংগ্রেস। শহিদ মিনারে আয়োজিত কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চে দেখা যাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান কোনো ছবি নয়, বরং ১৯৯৩ সালের আন্দোলনের সময়কার ছবি রাখা হচ্ছে মঞ্চে। কেন এই সিদ্ধান্ত? কংগ্রেস নেতৃত্বের দাবি, সেই আন্দোলনের ইতিহাসের সঙ্গে মমতার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।

কেন এই উদ্যোগ?

প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ব্যাখ্যা, ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের সেই আন্দোলনের সাক্ষ্য বহন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইতিহাসকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কংগ্রেসের মঞ্চে আন্দোলনের সেই সময়ের ছবি রাখা মানে ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন। এই প্রসঙ্গেই কংগ্রেস নেতৃত্বের তরফে তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তের ভূমিকার কথা নতুন করে মনে করিয়ে দেওয়া হয়েছে। ঘটনাচক্রে মণীশ গুপ্ত পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন। কংগ্রেস নেতাদের দাবি, এই ইতিহাসের সত্যতা তুলে ধরাই তাঁদের লক্ষ্য।

একুশে জুলাই: তিন মঞ্চের ছবি

চলতি বছর একুশে জুলাই পালিত হতে চলেছে কলকাতার তিনটি ভিন্ন জায়গায়। বিড়লা তারামণ্ডলের সামনে শহিদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। গান্ধী মূর্তির সামনে অন্য একটি মঞ্চ করবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের একাংশ। আর তৃতীয় মঞ্চটি শহিদ মিনারে তৈরি করেছে কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে, ঋতব্রতপন্থী তৃণমূলের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলেও, কংগ্রেসের মঞ্চে সেই আন্দোলনের নেত্রীর ছবি থাকাকেই কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। অনেকে মনে করছেন, কংগ্রেস নেতৃত্বের এই পদক্ষেপ মমতাকে কোনো বিশেষ বার্তা দেওয়ার কৌশল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

প্রস্তুতি তুঙ্গে

রবিবার শহিদ মিনারে সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখেন প্রদেশ কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক প্রকাশ জোশী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী এবং আশুতোষ চট্টোপাধ্যায়রা। মঞ্চটি তৈরি করা হচ্ছে দুটি ভাগে। মূল মঞ্চে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে থাকবেন শহিদ পরিবারবর্গ। অন্য মঞ্চে থাকবেন জেলা নেতৃত্ব। স্টেজের ব্যাকড্রপে থাকা পোস্টারে কোনো নির্দিষ্ট ব্যক্তির ছবি থাকছে না, সেখানে লেখা থাকছে ‘একুশে জুলাই শহিদ স্মরণ’। কংগ্রেস নেতৃত্বের দাবি, সেই সময়কার শহিদদের অনেক পরিবারের সদস্য এই মঞ্চে উপস্থিত থাকবেন। সব মিলিয়ে, এ বারের একুশে জুলাইয়ে কংগ্রেসের এই ‘ঐতিহাসিক’ অবস্থান রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

৩ মাসে ৫ শাহী সফর! শুধুই রুটিন না বাংলায় বাস্তব পরিবর্তনের অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর?

চিন-বাংলাদেশের উস্কানি অব্যাহত! শিলিগুড়িতে সীমান্তের কাজ খতিয়ে দেখলেন শাহ