আজই অনশন ভাঙবেন সোনম, তবে মানতে হবে তিন শর্ত!

নয়াদিল্লি: দিল্লির সফদরজং হাসপাতাল থেকেই অনশন ভাঙার তিনটি শর্ত ঘোষণা করলেন সমাজসেবী সোনম ওয়াংচুক। সোমবার, ২০ জুলাই, যেদিন তাঁর দল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সংসদ…

নয়াদিল্লি: দিল্লির সফদরজং হাসপাতাল থেকেই অনশন ভাঙার তিনটি শর্ত ঘোষণা করলেন সমাজসেবী সোনম ওয়াংচুক। সোমবার, ২০ জুলাই, যেদিন তাঁর দল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সংসদ অভিযান বা ‘চলো সংসদ’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, সেই দিনই হাসপাতাল থেকে একটি নোট পোস্ট করে সোনম জানিয়েছেন, নির্দিষ্ট দাবি পূরণ হলে তিনি অনশন প্রত্যাহার করবেন।

সোনমের তিন শর্ত

সোনমের ঘোষণা অনুযায়ী, অনশন ভাঙার প্রথম শর্ত হল, পরীক্ষা ব্যবস্থায় ব্যর্থতা এবং নিট (NEET) দুর্নীতি নিয়ে কেন্দ্র সরকারকে দায় স্বীকার করতে হবে। দ্বিতীয়ত, যদি সরকার দায় স্বীকার করতে না চায়, তবে সোনম ও তাঁর দলের নেতৃত্বকে সংসদের দরজায় পৌঁছানোর অনুমতি দিতে হবে, যাতে তাঁরা সরাসরি সাংসদ ও রাজনৈতিক নেতাদের কাছে নিজেদের দাবি তুলে ধরতে পারেন। তৃতীয়ত, যদি শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে সংসদের সামনে পৌঁছাতে না পারেন, তবে সংসদের বিভিন্ন দলের প্রতিনিধিদের হাসপাতালে এসে তাঁকে এই বিষয়ে নিশ্চিত আশ্বাস দিতে হবে।

সংসদ অভিযান নিয়ে উত্তপ্ত দিল্লি

সোমবার থেকেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। একই দিনে সিজেপি-র সংসদ অভিযানের ডাক দেওয়ায় দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে পুলিশ। যন্তর মন্তর থেকে শুরু করে সংসদ ভবন, প্রতিটি মোড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ধরনের প্রতিবাদ মিছিল বা সমাবেশের জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি বা দেওয়াও হয়নি। নতুন দিল্লির বিভিন্ন এলাকায় বিএসএনএস-এর ১৬৩ ধারা (আগের ১৪৪ ধারা) জারি করা হয়েছে।

হাসপাতাল থেকেই ‘অবৈধ বন্দি’র অভিযোগ

সফদরজং হাসপাতালে থাকাকালীন নিজের পরিস্থিতির বর্ণনা দিয়ে সোনম এই চিকিৎসাকে ‘অবৈধ বন্দিদশা’ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, সেখানে তাঁর চলাফেরা, বাকস্বাধীনতা এবং সমস্ত প্রকার যোগাযোগ ব্যবস্থা কঠোরভাবে সীমাবদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, টানা ২১ দিন অনশনের পর গত শনিবার পুলিশ তাঁকে যন্তর মন্তর থেকে জোর করে হাসপাতালে নিয়ে গিয়েছিল।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই দীর্ঘ অনশন চালিয়ে যাচ্ছেন ৫৯ বছর বয়সি সোনম। হাসপাতালের বিছানায় শুয়েও তিনি তাঁর সমর্থকদের কাছে সোমবারের ‘সংসদ অভিযান’ সফল করার আর্জি জানিয়েছেন। এখন দেখার, সরকারের পক্ষ থেকে সোনমের তিন শর্তের কোনো সদুত্তর আসে কি না।

২০২৭ এই ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন বি২৮ হাই-স্পিড

ফের সফল মেড ইন ইন্ডিয়া! মাত্র ১২ মাসেই তৈরি হাফ-স্কেল ই-ভিটিওএল ‘সিলা ১.০’