কলকাতা: বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। একদিকে যখন সরকার অপরাধীদের কঠোরতম শাস্তির আশ্বাস দিচ্ছে, অন্যদিকে এই ঘটনাকে হাতিয়ার করে প্রাক্তন শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। সোমবার তিনি অভিযোগ করেন, আগের সরকারের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা ও দুর্নীতির যে চরম অবনতি হয়েছিল, বর্তমান অপরাধমূলক ঘটনাগুলি তারই প্রত্যক্ষ ফল।
‘নরপিশাচদের সঙ্গে আপস নয়’
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ বলেন, “কেন এমন অপরাধ বারবার হবে? এই অপরাধীদের কঠোরতম বিচার হবেই।” তাঁর দাবি, বিগত সরকারের আমলের দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতাই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। তিনি আরও যোগ করেন, “নরপিশাচদের সঙ্গে কোনো আপস করা হবে না।” ঘটনার পর থেকেই বিজেপির তরফে লাগাতার সরব হয়েছেন বিধায়ক। রবিবারই ফেসবুকে পোস্ট করে তিনি মৃতার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও করেছেন।
তদন্তে গতি, সক্রিয় SIT
এদিকে, ঘটনার তদন্তে পুলিশি তৎপরতা তুঙ্গে। মামলার তদন্তের জন্য ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। রবিবার রাতভর বারুইপুরের বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েছেন পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত-সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও তিনজনকে।
তিনটি পৃথক মামলা
আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্করপ্রসাদ বারুই জানিয়েছেন, ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখতে তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে৷ নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ। সন্দেহভাজন যুবককে গণপিটুনিতে খুনের ঘটনা। পুলিশের কর্তব্যকাজে বাধা ও হামলার অভিযোগ।
পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাদের কাউকে রেয়াত করা হবে না। SIT-এর আধিকারিকরা এখন পুরো ঘটনাটি সাজাতে ফরেন্সিক রিপোর্ট এবং গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের ওপর জোর দিচ্ছেন। রাজনৈতিক চাপানউতোরের মাঝে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনাটাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বারুইপুর কাণ্ড: দোষীদের ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
বারুইপুর কাণ্ড: মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ, ধৃত বেড়ে ৩


