দুর্গাপুর: রাজ্যে বালি এবং কয়লা পাচারের জটিল নেটওয়ার্কের শিকড় খুঁজতে ফের কোমর বেঁধে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সাতসকাল থেকে কলকাতা, আসানসোল এবং দুর্গাপুরের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাচারকাণ্ডের লভ্যাংশ কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে, তা জানতেই এই ম্যারাথন অভিযান বলে জানা গিয়েছে। এদিন, আসানসোল থেকে প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হয়েছে৷ টাা গুণতে আনা হল মেশিন৷
শিল্পাঞ্চলজুড়ে ইডির তৎপরতা
মঙ্গলবার ভোরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যান ইডি আধিকারিকরা। জেলাজুড়ে একাধিক প্রভাবশালী ব্যবসায়ী এবং সরকারি আধিকারিকের বাড়ি ও দফতর এখন কেন্দ্রীয় সংস্থার নজরে। তদন্তের জাল শুধুমাত্র এ রাজ্যেই সীমাবদ্ধ নেই, জানা গিয়েছে, দিল্লির বেশ কিছু এলাকাতেও ইডির বিশেষ দল হানা দিয়েছে।




















