ডুরান্ডে টাইগার শ্রফের ক্লাব! নজরে নতুন দল মুম্বে এফসি

ডুরান্ড কাপে প্রথমবার খেলবে টাইগার শ্রফের মালিকানাধীন মুম্বে এফসি। নতুন দলটির অংশগ্রহণ ও অভিনেতার মাঠে নামার সম্ভাবনা ঘিরে বাড়ছে কৌতূহল।

tiger-shroff-owned-mumbe-fc-durand-cup-2026

বিট্টু দত্ত, কলকাতা: বলিউড তারকা টাইগার শ্রফ-এর কারণে এ বারের ডুরান্ড কাপ-এ অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মুম্বে এফসি (Mumbe FC)। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় সাধারণত দেশের প্রথম সারির ক্লাবগুলিই বেশি আলোচনায় থাকে। কিন্তু এ বার মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি-র বাইরে নতুন মুখ হিসেবে বিশেষ নজর কাড়ছে এই মহারাষ্ট্রের ক্লাব।

এ বার বেশ কয়েকটি শীর্ষস্তরের ক্লাব অংশ না নেওয়ায় ডুরান্ড কর্তৃপক্ষ সাতটি নতুন দলকে সুযোগ দিয়েছে। সেই তালিকায় রয়েছে মুম্বে এফসি। ক্লাবটি এখনও ভারতীয় ফুটবলের প্রথম সারির শক্তি নয়, তবু তাদের ঘিরে আগ্রহের মূল কারণ হল ক্লাবের অন্যতম মালিক টাইগার শ্রফ। শুধু বিনিয়োগকারী হিসেবেই নয়, তিনি নিজেকে ক্লাবের একজন ফুটবলার হিসেবেও তুলে ধরেছেন।

   

Also Read | আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া

গত মরশুমে মুম্বে এফসির হয়ে ৭ নম্বর জার্সি পরে স্থানীয় লিগে খেলতেও দেখা গিয়েছে টাইগারকে। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই তিনি ফিটনেস ও খেলাধুলার প্রতি অনুরাগী। সেই আগ্রহ থেকেই ফুটবলে যুক্ত হন এবং নিজের ক্লাবের হয়ে নিয়মিত অনুশীলনও করেন। তিনি মুম্বইয়ে থাকলে দলের সঙ্গে প্র্যাক্টিস করেন বলেও জানা যায়।

২০২৪ সালে দুই ব্যবসায়িক সহযোগীকে সঙ্গে নিয়ে টাইগার এই ক্লাব প্রতিষ্ঠা করেন। মুম্বইয়ের পুরনো নাম ‘বোম্বে’ এবং বর্তমান নাম ‘মুম্বই’— এই দুই নামের সংমিশ্রণ থেকেই ‘মুম্বে’ নামটি বেছে নেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই ক্লাবটি মহারাষ্ট্র জেলা লিগে সাফল্য পেয়ে চলতি মরশুমে আই-লিগ থ্রি-তে খেলার যোগ্যতা অর্জন করেছে।

Also Read | নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?

তবে ডুরান্ড কাপে তাদের অংশগ্রহণ নিয়ে কিছু আলোচনা তৈরি হয়েছে। কারণ, ক্লাবটি মুম্বই লিগে চ্যাম্পিয়ন বা রানার্স-আপ হয়নি। ফলে শুধুমাত্র ক্রীড়া সাফল্যের ভিত্তিতে তাদের সুযোগ পাওয়া কঠিন ছিল বলে অনেকের মত। ফুটবল মহলে এমনও জল্পনা রয়েছে যে, টাইগার শ্রফের উপস্থিতি এবং তাঁর মাঠে নামার সম্ভাবনাই আয়োজকদের এই ক্লাবকে আমন্ত্রণ জানাতে উৎসাহিত করেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

ডুরান্ড কাপে মুম্বে এফসি খেলবে শিলং গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে শিলং লাজং এফসি, ল্যান্সিং এফসি এবং নাঙ্গেশ স্পোর্টস। নতুন দল হিসেবে প্রতিযোগিতায় তাদের পারফরম্যান্স কেমন হয়, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের। একই সঙ্গে টাইগার শ্রফ সত্যিই মাঠে নামেন কি না, সেটাও হতে পারে এ বারের ডুরান্ড কাপের অন্যতম বড় আকর্ষণ।