সবুজ মেরুন শিবিরে নতুন চমক! ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নজর কাড়া ফুটবলারকে সই

সন্তোষ ট্রফিজয়ী বাংলার লেফট ব্যাক রবিলাল মান্ডিকে দলে নিল মোহনবাগান। কলকাতা ফুটবল লিগের আগে রক্ষণভাগ আরও শক্তিশালী করল সবুজ-মেরুন শিবির।

mohun-bagan-sign-rabilal-mandi-before-cfl-2026

বাবান আদক, কলকাতা: আসন্ন কলকাতা ফুটবল লিগের (CFL) জন্য আটঘাঁট বেঁধে দল গোছাতে শুরু করে দিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। আর সেই লক্ষ্যেই এবার সবুজ মেরুন শিবিরে যোগ দিলেন বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং নির্ভরযোগ্য লেফট ব্যাক রবিলাল মান্ডি। দলের রক্ষণভাগকে আরও জমাট এবং শক্তিশালী করতেই এই তরুণ বঙ্গ তনয়ের ওপর ভরসা রাখল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

গত মরশুমে ডায়মন্ড হারবার এফসির জার্সিতে ভালো পারফর্ম করে নজর এসেছিলেন রবিলাল। তাঁর গতি, নিখুঁত ট্যাকল এবং লেফট উইং দিয়ে ওভারল্যাপ করে বারবার আক্রমণে ওঠার ক্ষমতা রীতিমতো নজর কেড়েছিল বিশেষজ্ঞদের। বিশেষ করে গত ডুরান্ড কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাঁর অনবদ্য পারফরম্যান্স আজও ফুটবল ভক্তদের স্মৃতিতে অমলিন। সেই ম্যাচে লাল হলুদ ফরোয়ার্ডদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে নিজের জাত চিনিয়েছিলেন এই তরুণ লেফট ব্যাক। বড় ম্যাচের চাপ সামলানোর সেই অভিজ্ঞতাই এবার মোহনবাগানের বড় সম্পদ হতে চলেছে।

   

আরও পড়ুন: আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন রবিলাল। বাংলার হয়ে এবারের সন্তোষ ট্রফি জয়েও তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। টুর্নামেন্ট জুড়ে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার ময়দানের অন্যতম সেরা ক্লাবের ডাক পেলেন তিনি।

সন্তোষ ট্রফি জয়ের সেই আত্মবিশ্বাসকেই এবার সবুজ মেরুন জার্সিতে কাজে লাগাতে মরিয়া রবিলাল মান্ডি। আসন্ন কলকাতা লিগে মোহনবাগানের রক্ষণভাগের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন তিনি। নতুন মরশুমে গ্যালারি ভর্তি হাজার হাজার সবুজ মেরুন সমর্থকদের সামনে নিজেকে প্রমাণ করার এবং ময়দানের বুকে নতুন রূপকথা লেখার এক দারুণ সুযোগ এসে গেল বাংলার এই প্রতিভাবান ফুটবলারের সামনে।

আরও পড়ুন: ঘানাকে পিছনে ফেলে শেষ ষোলোয় কলম্বিয়া, চোটের কবলে এই ফুটবলার