এশিয়ান কাপের মহড়া ! থাইল্যান্ডে ইউএই-র বিরুদ্ধে জোড়া লড়াইয়ে ভারতের অনূর্ধ্ব-১৭ দল

Kolkata: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬-কে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবল দল। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক…

india-u17-vs-uae-friendly-matches-thailand-afc-asian-cup-preparation

Kolkata: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬-কে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবল দল। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারতের জুনিয়র দল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ এপ্রিল এবং ২১ এপ্রিল, থাইল্যান্ডের সামুত প্রাকান শহরে। দুই দলই আসন্ন মহাদেশীয় প্রতিযোগিতার আগে নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাই করে নিতে চাইছে এই ম্যাচগুলির মাধ্যমে।

জানা গিয়েছে, দুটি ম্যাচই হবে দর্শকশূন্য পরিবেশে, অর্থাৎ বন্ধ দরজার আড়ালে। সামুত প্রাকানের উইন্ডমিল ফুটবল ক্লাবে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেয় শুরু হবে খেলা। ব্যাংককের কাছেই অবস্থিত এই ভেন্যুতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভারতের ২৪ সদস্যের দল। বুধবার থাইল্যান্ডে পৌঁছে অনুশীলনও শুরু করে দিয়েছে ব্লু কোল্টসরা।

   

Read More: East Bengal: নববর্ষেই ডার্বি জয় ইস্টবেঙ্গলের, আপ্লুত অনুগামীরা

ভারতীয় দলের কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ এই প্রস্তুতি পর্বকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। গত মাসেও তাঁর দল থাইল্যান্ডে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। সেখানে স্বাগতিক থাইল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে ভারত। এরপর ইন্দোনেশিয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বাড়ায় তরুণ ফুটবলাররা। তবে শেষ ম্যাচে শক্তিশালী কোরিয়া প্রজাতন্ত্রের কাছে ১-২ ব্যবধানে হার মানতে হয় ভারতকে। সেই তিন ম্যাচ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা নিয়েই দল আরও উন্নতির লক্ষ্যে অনুশীলন চালিয়ে যায় কলকাতার ক্যাম্পে।

Read More: নববর্ষে নতুন স্পনসর মোহনবাগান, সাফল্যের শপথ নিল সবুজ-মেরুন শিবির

এবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুই ম্যাচ ভারতীয় দলের কাছে বড় পরীক্ষা হতে চলেছে। প্রতিপক্ষও এশিয়ান কাপের প্রস্তুতিতে রয়েছে, ফলে দুই দলের মধ্যেই জয়ের তাগিদ থাকবে। কোচিং স্টাফ চাইবেন ফুটবলারদের ম্যাচ ফিটনেস, কৌশলগত শৃঙ্খলা এবং দলগত বোঝাপড়া আরও ঝালিয়ে নিতে। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬-এ ভারত পড়েছে কঠিন গ্রুপে। গ্রুপ ডি-তে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং উত্তর কোরিয়া।

৬ মে ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর ১০ মে উজবেকিস্তান এবং ১৩ মে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে ব্লু কোল্টসরা। কঠিন গ্রুপে ভালো ফল করতে গেলে এই প্রস্তুতি ম্যাচগুলির গুরুত্ব অনেকটাই বেশি। তাই থাইল্যান্ডে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দুটিকে ভারতীয় দলের এশিয়ান কাপ অভিযানের গুরুত্বপূর্ণ ধাপ বলেই মনে করা হচ্ছে।