এমবাপেদের ম্যাচে পাঁচ আর্জেন্টিনীয় রেফারি, বিতর্কের কেন্দ্রে ফাকুন্দো তেলো

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে রেফারি ফাকুন্দো তেলো-সহ পাঁচ আর্জেন্টিনীয় ম্যাচ অফিসিয়াল নিয়োগ নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক ও আলোচনা।

facundo-tello-france-vs-morocco-argentine-referees

বাবান আদক, কলকাতা ডেস্ক: এক ম্যাচে ১০টি লাল কার্ড! ফুটবল মাঠে এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। কড়া মেজাজের সেই রেফারি ফাকুন্দো তেলো (Facundo Tello) এবার বাঁশি হাতে নামছেন কিলিয়ান এমবাপেদের (Kylian Mbappe) ম্যাচে। মরক্কোর বিরুদ্ধে ফ্রান্সের মেগা কোয়ার্টার ফাইনালে ফিফা এমন এক রেফারিকে দায়িত্ব দিয়েছে, যাঁর পকেটে সব সময় কার্ড তৈরি থাকে। আর সবচেয়ে বড় আতঙ্কের কারণ এই রেফারি এবং তাঁর বাকি চার সহকারী, সকলেই লিওনেল মেসির দেশের! এমবাপেদের ম্যাচে পাঁচজন আর্জেন্টিনীয় রেফারির এমন জোটবদ্ধ উপস্থিতি দেখেই এখন প্রমাদ গুনছে ফরাসি শিবির।

আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের মাঠের লড়াই এখন আধুনিক ফুটবলের অন্যতম চর্চিত বিষয়। ২০১৮ সালে আর্জেন্টিনাকে ছিটকে দিয়েছিল ফ্রান্স, আর গত বিশ্বকাপের ফাইনালে এমবাপেদের কাঁদিয়ে ট্রফি নিয়েছিলেন মেসিরা। সেই পুরনো শত্রুতার আবহে, কোয়ার্টার ফাইনালের মতো মরণবাঁচন ম্যাচে পাঁচ জন আর্জেন্টিনীয় রেফারির নিয়োগ ফরাসিদের মনে রীতিমতো ষড়যন্ত্রের গন্ধ এনে দিয়েছে।

Advertisements

যাঁকে ঘিরে এত ভয়, সেই ফাকুন্দো তেলো কড়া হাতে ম্যাচ পরিচালনার জন্য এমনিতেই কুখ্যাত। ২০২২ সালে আর্জেন্টিনার ঘরোয়া লিগে বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাবের ম্যাচে ১০ জন ফুটবলারকে লাল কার্ড দেখিয়েছিলেন তিনি। কাতারে পর্তুগাল-মরক্কো ম্যাচেও তাঁর লাল কার্ড দেখানো নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। এমন একজন কড়া মেজাজের আর্জেন্টিনীয় রেফারি ফরাসিদের বিরুদ্ধে কোনও ‘পুরনো হিসেব’ মেটাবেন না তো? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফ্রান্সের অন্দরে।

ফিফার এই অভূতপূর্ব সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই ফরাসি সংবাদমাধ্যম থেকে সমর্থক সবাই ক্ষোভে ফেটে পড়েছেন। সংবাদমাধ্যমের কড়া তোপ, “ফিফার ন্যূনতম কোনও লজ্জা নেই।” এক ফরাসি সমর্থক তো চরম কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এমবাপেদের ম্যাচে পাঁচ রেফারিই যখন আর্জেন্টিনার, তখন ফিফা এক কাজ করুক, মেসিকেই বরং ভিএআর (VAR)-এর দায়িত্বে বসিয়ে দিক!”

মজার ব্যাপার হলো, এর আগে একটি ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেসিয়ারের বিরুদ্ধে আর্জেন্টিনাকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু সে কথা এখন বেমালুম ভুলে গিয়েছেন ফরাসিরা। ১০ লাল কার্ডের ‘নায়ক’ ফাকুন্দো তেলোর বাঁশিতে মরক্কোর বিরুদ্ধে এমবাপেরা শেষ হাসি হাসবেন, নাকি আর্জেন্টিনীয় রেফারির কড়া নজরে বিপদে পড়বেন সেটাই এখন দেখার।