মেসির বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ? ‘এক্স’ ইঙ্গিতে বিতর্কে বিশ্বকাপ ম্যাচ

মিশরের কোচ হোসেম হাসানের ‘এক্স’ ইঙ্গিত ঘিরে লিওনেল মেসির বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে। যদিও এখনও ফিফার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করা হয়নি।

FIFA World Cup lionel-messi-racism-allegation-hossam-hassan-x-gesture

বাবান আদক, কলকাতা ডেস্ক: দুর্দান্ত প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। কিন্তু মাঠের এই অসামান্য ফুটবল লড়াই এখন ঢাকা পড়ে গিয়েছে এক মারাত্মক বিতর্কের ছায়ায়। অভিযোগের তির খোদ ফুটবল জাদুকর লিয়োনেল মেসির দিকে! শোনা যাচ্ছে, মিশরের কোচ হোসেম হাসানকে লক্ষ্য করে নাকি বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ঘটনার সূত্রপাত আর্জেন্টিনার তৃতীয় গোলের পর। ডাগআউটের কাছে গিয়ে মিশরের কোচের সঙ্গে কিছু কথা কাটাকাটি হয় মেসির। ঠিক তার পরেই হাসান দুই হাত আড়াআড়ি করে ইংরেজি ‘এক্স’ (X) অক্ষর তৈরি করে রেফারির দৃষ্টি আকর্ষণ করেন। উল্লেখ্য, ২০২৪ সালে ফিফা এই ‘এক্স’ চিহ্নটি চালু করে মূলত বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর হাতিয়ার হিসেবে। মাঠে কোনও খেলোয়াড় বা কোচ বর্ণবিদ্বেষী আচরণের শিকার হলে এই ইঙ্গিত করতে পারেন। নিয়ম অনুযায়ী, এমন অভিযোগ উঠলে রেফারি সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে স্টেডিয়ামের স্পিকারে সতর্কবার্তা দিতে পারেন।

Advertisements

মঙ্গলবারের ম্যাচে রেফারি খেলা না থামালেও, হাসানের ওই একটি ভঙ্গিই বিশ্ব ফুটবলে ঝড় তুলেছে। মেসি কি সত্যিই রেগে গিয়ে মাত্রা ছাড়িয়েছেন? ফিফার তরফ থেকে এখনও এর সপক্ষে কোনও অডিয়ো বা ভিডিয়ো প্রমাণ প্রকাশ করা হয়নি। তবে কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের ডাগআউটের সামনে গিয়ে মেসির সেই বিতর্কিত উচ্ছ্বাস ও অঙ্গভঙ্গির কথা ফুটবলপ্রেমীদের স্মৃতিতে এখনও টাটকা।

মাঠে মিশরকে হারিয়ে মেসিরা শেষ আটে উঠলেও, প্রতিপক্ষ কোচের দিকে ধেয়ে আসা এই বর্ণবিদ্বেষের অভিযোগ আর্জেন্টিনার এই মহাকাব্যিক জয়কে অনেকটাই ম্লান করে দিল। এখন দেখার, ফিফা এই বিতর্কের জল কতদূর গড়াতে দেয়।