ভেঙে গেল জুটি! ইস্টবেঙ্গলের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ ইমামির

ইমামির সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর নিজেদের উদ্যোগেই দল গঠন শুরু করেছে ইস্টবেঙ্গল। নতুন কোচ, চুক্তি নবীকরণ ও একাধিক সইয়ে বাড়ছে প্রত্যাশা।

east-bengal-emami-partnership-ends-new-team-building-begins

বাবান আদাক, কলকাতা: দীর্ঘ জল্পনার অবসান। বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে পাকাপাকিভাবে পথ আলাদা হয়ে গেল ইস্টবেঙ্গলের (East Bengal)। তবে স্পনসর সরে যাওয়ার ধাক্কা সামলে সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই দল গোছানোর কাজ শুরু করে দিল লাল হলুদ শিবির। বেশ কিছুদিন ধরেই ইমামি এবং ইস্টবেঙ্গল শীর্ষ কর্তাদের মধ্যে ফাটলের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সোমবার ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার এই বিচ্ছেদের খবরে আনুষ্ঠানিক সিলমোহর দেন। জানা গিয়েছে, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা এবং ফুটবল ক্লাব চালানোর বিপুল খরচের কথা মাথায় রেখেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইমামি গোষ্ঠী।

আরও পড়ুন: লোবেরা জামানার ইতি! সবুজ-মেরুনের হট সিটে বসলেন পানাজিওটিস দিলম্পেরিস

বিনিয়োগকারীহীন অবস্থাতেই চমক দিতে শুরু করেছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব। লাল হলুদের হটসিটে এবার বসতে চলেছেন আইএসএল জয়ী অভিজ্ঞ স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর সহকারী হিসেবে ডাগআউটে থাকবেন ইন্টার কাশির কার্লোস অগাস্টিন ফনসেকা। হাবাসের মতো ‘চাণক্য’-কে এনে ইস্টবেঙ্গল কর্তারা বুঝিয়ে দিলেন, আগামী মরশুমে লড়াইয়ের ময়দানে তারা এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন।

আরও পড়ুন: আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া

কোচিং স্টাফ চূড়ান্ত করার পাশাপাশি দলের রক্ষণ মজবুত করতেও জোর কদমে নেমে পড়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। গোলপোস্ট সুরক্ষিত রাখতে জোড়া মাস্টারস্ট্রোক দিয়েছেন কর্তারা। দলের এক নম্বর গোলকিপার প্রভসুখান গিলের ওপরই পূর্ণ আস্থা রাখা হয়েছে। তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়ে নিয়েছে ক্লাব। একইসঙ্গে বড় চমক দিয়ে ২০২৩-২৪ মরশুমের আইএসএল-এ ‘গোল্ডেন গ্লাভস’ জয়ী তারকা গোলরক্ষক ফুরবা লাচেনপাকেও দুই বছরের চুক্তিতে দলে টেনেছে ইস্টবেঙ্গল।

ইমামির বিদায়ে ক্লাবের অন্দরমহলে কিছুটা চাপ তৈরি হলেও, কর্তারা প্রমাণ করে দিলেন তাঁরা থেমে থাকতে রাজি নন। সম্পূর্ণ নিজেদের শর্তে দল গড়ে নতুন স্বপ্নের জাল বুনতে শুরু করল ইস্টবেঙ্গল। স্পনসর ছাড়া এই নতুন পথচলায় হাবাসের হাত ধরে লাল হলুদ ব্রিগেড কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?