বাবান আদক, কলকাতা: ময়দানের চিরন্তন দ্বৈরথে এবার এক অভাবনীয় অধ্যায়! এক সময়ের কট্টর প্রতিপক্ষ মোহনবাগানের ডাগআউটে দাঁড়িয়ে যিনি লাল হলুদ শিবিরকে বারবার টেক্কা দিয়েছেন, সেই আন্তোনিয়ো লোপেস হাবাসই (Antonio Lopez Habas) এবার ইস্টবেঙ্গলের নতুন ‘কমান্ডার’।
গত মরশুমে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেই রূপকথার কারিগর অস্কার ব্রুজ়োকে ধরে রাখতে পারেনি ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন দলের সেই শূন্যস্থান পূরণ করতেই ভারতীয় ফুটবলের অন্যতম সফল এই স্প্যানিশ কোচকে এক বছরের চুক্তিতে সই করাল ইস্টবেঙ্গল। সদ্যই ইন্টার কাশীর দায়িত্ব সামলে আসা হাবাসের সঙ্গে সহকারী হিসেবে যোগ দিচ্ছেন কার্লোস আগুস্তিন ফনসেকা তেজেইরো।
Also Read | লোবেরা জামানার ইতি! সবুজ-মেরুনের হট সিটে বসলেন পানাজিওটিস দিলম্পেরিস
চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের প্রাক্তন কোচকে বেছে নেওয়ার পিছনে লাল-হলুদ কর্তাদের প্রধান যুক্তি— আইএসএল-এ তাঁর বিশাল অভিজ্ঞতা ও হার না মানা মানসিকতা। ইস্টবেঙ্গল সভাপতি মুরারি লাল লোহিয়া তাঁকে স্বাগত জানিয়ে বলেন, “হাবাস শুধু একজন সফল কোচ নন, তাঁর পেশাদারিত্ব এবং কৌশলগত দক্ষতা তাঁকে ইস্টবেঙ্গলের জন্য আদর্শ করে তুলেছে। এই ক্লাব শুধু দল নয়, কোটি কোটি মানুষের আবেগ। হাবাসের হাত ধরে আমরা আরও বড় সাফল্যের স্বপ্ন দেখছি।”
Also Read | আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া
সবুজ মেরুনের প্রাক্তন কোচ এবার লাল-হলুদ সমর্থকদের হৃদয়ের মণি হতে পারবেন কি না, তা সময়ই বলবে। তবে নতুন দায়িত্ব পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত স্বয়ং হাবাস। স্প্যানিশ কোচ বলেন, “ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দেওয়াটা অত্যন্ত সম্মানের। আজ থেকে আমাদের একটাই লক্ষ্য ক্লাবের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরা। আমি দ্রুত কলকাতায় ফিরে সমর্থকদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।”
Also Read | নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?
চ্যাম্পিয়ন দলের দায়িত্ব নিয়ে আইএসএল-এর অন্যতম সফল কোচের এই হাই প্রোফাইল ‘ঘরবদল’, আসন্ন মরসুমে কলকাতা ফুটবলের উত্তাপ যে এখন থেকেই কয়েক গুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য!





