পশ্চিমাঞ্চলের নেতৃত্বে রুতুরাজ গায়কোয়াড়, দলীপের মঞ্চে নিজেকে প্রমাণের বড় সুযোগ পৃথ্বীর সামনে

বাবান আদক, কলকাতা ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের অন্যতম কুলীন টুর্নামেন্ট দলীপ ট্রফির ঢাকে কাঠি পড়তে চলেছে। আগামী ২৩ অগস্ট বেঙ্গালুরুর ‘বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স’-এ শুরু হতে…

duleep-trophy-ruturaj-gaikwad-west-zone-captain

বাবান আদক, কলকাতা ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের অন্যতম কুলীন টুর্নামেন্ট দলীপ ট্রফির ঢাকে কাঠি পড়তে চলেছে। আগামী ২৩ অগস্ট বেঙ্গালুরুর ‘বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স’-এ শুরু হতে চলা এই মেগা টুর্নামেন্টে পশ্চিমাঞ্চল-এর অধিনায়কত্বের গুরুদায়িত্ব তুলে দেওয়া হলো ভারতীয় দলের তারকা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধে। তাঁর ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে শামস মুলানিকে। তবে তারকাসমৃদ্ধ এই দলে রুতুরাজের নেতৃত্ব পাওয়ার পাশাপাশি ময়দানের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলের আর এক ওপেনার পৃথ্বী শ।

গত বছর মুম্বই ছেড়ে মহারাষ্ট্র দলে যোগ দেওয়া পৃথ্বীর অন্তর্ভুক্তি পশ্চিমাঞ্চল স্কোয়াডের অন্যতম বড় খবর। একটা সময় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে ধরা হতো তাঁকে। কিন্তু গত কয়েক বছর ধরেই এই বিস্ফোরক ব্যাটারের ব্যাট চূড়ান্ত নিষ্প্রভ। ক্রমাগত ফর্ম হাতড়ে বেড়ানো পৃথ্বীর কাছে এবারের দলীপ ট্রফি কার্যত কেরিয়ারের অন্যতম বড় লাইফলাইন। জাতীয় দলের নির্বাচকদের রাডার থেকে ক্রমশ দূরে সরে যাওয়া এই ক্রিকেটারের সামনে সুযোগ থাকছে একটি বড় ইনিংস খেলে ফের পাদপ্রদীপের আলোয় ফিরে আসার।

আগামী ২৩ থেকে ২৬ অগস্ট উত্তরাঞ্চল-এর বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নামবে রুতুরাজের দল। পশ্চিমাঞ্চলের এই শক্তিশালী স্কোয়াডে রুতুরাজ এবং পৃথ্বী ছাড়াও রয়েছেন সরফরাজ খান এবং তাঁর ভাই মুশির খান। ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়া সরফরাজ এবং সাম্প্রতিক সময়ে নজর কাড়া তরুণ মুশিরের উপস্থিতি দলের মিডল অর্ডারে বাড়তি গভীরতা ও আগ্রাসন আনবে।

তবে ময়দানের সমস্ত নজর থাকবে মূলত দুই ওপেনারের দিকেই। একদিকে পশ্চিমাঞ্চলের রাশ রুতুরাজের নির্ভরযোগ্য হাতে, অন্যদিকে হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে মরিয়া পৃথ্বী। এই যুগলবন্দি দলীপের মঞ্চে পশ্চিমাঞ্চলকে কতটা সাফল্য এনে দিতে পারে, এখন সেটাই দেখার।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা