বাবান আদক, কলকাতা ডেস্ক: বাংলার ক্রিকেট মহলে আছড়ে পড়ল চূড়ান্ত বিস্ময় এবং হতাশার ঢেউ। ঋদ্ধিমান সাহার পর যাঁকে ঘিরে সবেমাত্র নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলার ক্রিকেটমহল, আইপিএলের মঞ্চে যিনি ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন, সেই তরুণ উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল এবার মারাত্মক আইনি জটিলতায়। ধর্ষণ, ব্ল্যাকমেলের মতো গুরুতর অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার গ্রেপ্তারির মুখে বাংলা তথা দিল্লি ক্যাপিটালসের এই ২৩ বছর বয়সি প্রতিশ্রুতিমান ক্রিকেটার।
কলকাতা হাইকোর্ট সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাকে অবিলম্বে অভিষেক এবং এই মামলার অপর এক অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। মামলার জাল গোটানোর জন্য এবং তদন্তের স্বার্থে অভিযুক্তদের ব্যবহৃত সমস্ত মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস দ্রুত বাজেয়াপ্ত করার কথাও স্পষ্ট বলা হয়েছে আদালতের নির্দেশে। জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার মোট ১৯টি কড়া ধারায় মামলা রুজু হয়েছে তরুণ এই ক্রিকেটারের বিরুদ্ধে।
বিতর্কের সূত্রপাত বেশ কিছুদিন আগে। হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এক তরুণী, যিনি পেশায় এক জন মেডিক্যাল পড়ুয়া। তাঁর বিস্ফোরক অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন অভিষেক এবং পরবর্তীতে আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে ক্রমাগত যৌন হেনস্থা ও ব্ল্যাকমেল করা হয়। প্রথম দিকে বাংলার এই ক্রিকেটার যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও, শেষ পর্যন্ত জল গড়ায় আদালত পর্যন্ত। অভিযোগকারিণী তরুণীর আইনজীবী হাইকোর্টের দ্বারস্থ হলে, মামলার স্পর্শকাতরতা অনুধাবন করে আদালত অবিলম্বে কড়া তদন্ত এবং গ্রেপ্তারের নির্দেশ দেয়।
আদালতে চূড়ান্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত আইনি পরিভাষায় কোনও অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করা যায় না, এটা ঠিক। কিন্তু হাইকোর্টের এই চরম পদক্ষেপ অভিষেকের সম্ভাবনাময় কেরিয়ারের সামনে এক গভীর অন্ধকারের সৃষ্টি করল। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রায় প্রতিটি ম্যাচেই মাঠে নেমেছিলেন তিনি, ব্যাট হাতে রানও পেয়েছিলেন। বাংলার ক্রিকেট মহলে তিনি পরিচিত ভবিষ্যৎ তারকা হিসেবে। সেই অভিষেকের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় কার্যত স্তম্ভিত ময়দান। বাইশ গজের সম্ভাবনাময় এক নক্ষত্র আচমকাই আইনি খাদের কিনারায়। এখন দেখার, আদালতের এই কড়া নির্দেশের পর তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ নেয় এবং আইনি লড়াইয়ে তরুণ ক্রিকেটারের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।





