FIFA World Cup: নেইমার খেলবেন তো? নরওয়ে ম্যাচের আগে বড় ইঙ্গিত আনচেলোত্তির

নরওয়ের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ষোলোয় নেইমারের খেলা নিয়ে জল্পনা বাড়ছে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাঁকে ব্যবহার করা হবে বলে জানালেন কোচ কার্লো আনচেলোত্তি।

carlo-ancelotti-neymar-update-before-brazil-vs-norway-world-cup-2026

বিট্টু দত্ত, কলকাতা ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup) নকআউট পর্বে এবার কঠিন পরীক্ষার সামনে ব্রাজ়িল। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ শক্তিশালী নরওয়ে, যাদের আক্রমণভাগের নেতৃত্বে রয়েছেন আর্লিং হালান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে ব্রাজ়িল শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয়, নেমার কি মাঠে নামবেন?

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিরুদ্ধে নেমারকে বিশ্রামে রেখেছিলেন ব্রাজ়িলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি। সেই সিদ্ধান্তের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, নকআউট পর্বে দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলারের ভূমিকা কী হতে চলেছে। আনচেলোত্তি জানিয়েছেন, জাপান ম্যাচে সুযোগ না পেয়ে নেমার কিছুটা হতাশ হয়েছিলেন। তবে সেই হতাশার কোনও নেতিবাচক প্রভাব দলের পরিবেশে পড়েনি। বরং তিনি নিয়মিত অনুশীলন করছেন এবং দলের প্রতি নিজের দায়িত্ব পালন করছেন।

Advertisements

আরও পড়ুন: নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?

কোচের মতে, নেমার শুধু একজন দক্ষ ফুটবলারই নন, দলের জন্য একজন গুরুত্বপূর্ণ নেতা। মাঠের বাইরে তাঁর আচরণ এবং সতীর্থদের সঙ্গে সম্পর্কও প্রশংসনীয়। আনচেলোত্তি স্পষ্ট করে বলেছেন, নেমার সবসময় খেলতে চায় এবং এখন শারীরিক দিক থেকেও পুরোপুরি প্রস্তুত। তবে তাঁকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে রাজি নন ব্রাজ়িল কোচ।

নরওয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচে নেমারকে ব্যবহার করা হবে কি না, সেই বিষয়ে আনচেলোত্তি জানিয়েছেন, সবটাই নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির উপর। তাঁর মতে, নেমারের অভিজ্ঞতা এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দলের জন্য বড় সম্পদ। প্রয়োজনে তাঁকে মাঠে নামানো হবে, কিন্তু কতক্ষণ খেলবেন বা শুরু থেকেই খেলবেন কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

আরও পড়ুন: আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া

আসলে দীর্ঘদিনের চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরেছেন নেমার। তাই তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না ব্রাজ়িলের কোচিং স্টাফ। নকআউট পর্বে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ফলে পুরো টুর্নামেন্টের কথা ভেবেই নেমারকে ধাপে ধাপে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, নরওয়ের বিরুদ্ধে নেমার ম্যাচের স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তবে ম্যাচের প্রয়োজনে দ্বিতীয়ার্ধে তাঁকে নামিয়ে আক্রমণে গতি ও সৃজনশীলতা বাড়ানোর পরিকল্পনা থাকতে পারে ব্রাজ়িলের। এখন দেখার, শেষ পর্যন্ত আনচেলোত্তির কৌশল কতটা সফল হয় এবং নেমারের অভিজ্ঞতা ব্রাজ়িলকে কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দিতে পারে কি না।

আরও পড়ুন: ঘানাকে পিছনে ফেলে শেষ ষোলোয় কলম্বিয়া, চোটের কবলে এই ফুটবলার