কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal election 2026) দ্বিতীয় দফার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ ভোটের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রাজ্যে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে৷ প্রথম দফার ২৪০ কোম্পানি ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে৷ দ্বিতীয় দফার ২৪০ কোম্পানি বাহিনী কোথায় মোতায়েন করা হবে সোমবার নির্বাচন কমিশনের তরফে সেটাও প্রকাশ করা হয়েছে৷
দার্জিলিং জেলায় মোট ১১ কোম্পানি মোতায়েন থাকবে৷ প্রথম দফায় ৬ কোম্পানি পৌঁছেছে এবং দ্বিতীয় দফায় আরও ৫ কোম্পানি মোতায়েন করা হবে৷ কালিম্পংয়ে মোট ৪ কোম্পানি থাকবে, প্রথম দফায় ৩ এবং দ্বিতীয় দফায় ১ কোম্পানি মোতায়েন করা হবে৷ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে মোট ৫ কোম্পানি থাকবে, প্রথম দফায় ৩ এবং দ্বিতীয় দফায় ২ কোম্পানি মোতায়েন করা হবে৷
কোচবিহারে মোট ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে৷ প্রথম দফায় ৯ কোম্পানি পৌঁছেছে এবং দ্বিতীয় দফায় ৬ কোম্পানি যুক্ত হবে৷ আলিপুরদুয়ারে মোট ৭ কোম্পানি থাকবে, প্রথম দফায় ৫ এবং দ্বিতীয় দফায় ২ কোম্পানি৷ জলপাইগুড়ি জেলায় মোট ১০ কোম্পানি থাকবে, প্রথম দফায় ৭ এবং দ্বিতীয় দফায় ৩ কোম্পানি মোতায়েন করা হবে৷
দক্ষিণ ২৪ পরগনায় সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে৷ এখানে মোট ৩৩ কোম্পানি থাকবে৷ ডায়মন্ড হারবারে ১১, বারুইপুরে ১৩ এবং সুন্দরবনে ৯ কোম্পানি মোতায়েন থাকবে৷ পূর্ব মেদিনীপুরে ২৮, পূর্ব বর্ধমানে ২৫ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ২০, পুরুলিয়ায় ২০ এবং মুর্শিদাবাদে ২০ কোম্পানি মোতায়েন করা হবে৷ এছাড়া ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ১৯, মালদহে ১৮, জঙ্গিপুরে ১৫ এবং হাওড়া পুলিশ কমিশনারেটে ১০ কোম্পানি থাকবে৷




















