কলকাতা: হাসপাতাল ব্যবসায় দ্রুত সম্প্রসারণের পথে এগোচ্ছে পিয়ারলেস (Peerless) গ্রুপ। সংস্থার আশা, চলতি অর্থবর্ষের শেষেই শুধুমাত্র হাসপাতাল বিভাগ থেকেই ৫০০ কোটির বেশি আয় হবে। বর্তমানে এই খাত থেকে সংস্থার আয় দাঁড়িয়েছে ৪৪০ কোটি টাকা।
পিয়ারলেস জেনারেল ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (PGFI)-এর ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায় জানান, ২০২২ সালে সংস্থার রূপান্তর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ব্যবসায় উল্লেখযোগ্য বৃদ্ধি এসেছে।
তিনি জানান, ২০২২ সালের ৫৩০ কোটি টাকা থেকে ২০২৫-২৬ অর্থবর্ষে গ্রুপের মোট আয় বেড়ে ১,০১৩ কোটি টাকায় পৌঁছেছে। এই সময়ে বছরে গড়ে ১৮ শতাংশ হারে রাজস্ব এবং ১৬ শতাংশ হারে মুনাফা বেড়েছে। হাসপাতাল ও রিয়েল এস্টেট প্রকল্পে প্রতিশ্রুত প্রায় ১,৩০০ কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই ৯০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
বর্তমানে পিয়ারলেস গ্রুপের হাসপাতালগুলিতে মোট ১,০১৬টি শয্যা (বেড) রয়েছে। এর মধ্যে কলকাতায় ৬৬৬টি, গুয়াহাটিতে ২৫০টি এবং বারাসতে ১০০টি বেড রয়েছে।
গ্রুপের চেয়ারম্যান পার্থ সারথি ভট্টাচার্য বলেন, চলতি বছরে বাজারে দুর্বলতা, রাজ্যে সরকার পরিবর্তন এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও সংস্থা ১,০০০ কোটি টাকার বেশি রাজস্ব অর্জন করতে সক্ষম হয়েছে।
Also Read | তেল-গ্যাস খাতে বড় সিদ্ধান্ত! ২০৩০-৩১ অর্থবর্ষে বরাদ্দ হল ৮৪,০৮৪ কোটি টাকা
তিনি জানান, নিউ টাউনে সংস্থার ‘ট্রায়াম’ (Trayam) মিশ্র ব্যবহারের প্রকল্পের নির্মাণকাজ দ্রুত এগোচ্ছে। মোট ৭১টি আবাসনের মধ্যে ইতিমধ্যেই ৪১টি বিক্রি হয়ে গেছে।
অন্যদিকে, পিয়ারলেস হোটেলসের ব্যবসাতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে যেখানে এই খাতের আয় ছিল ৩৯ কোটি টাকা, বর্তমানে তা বেড়ে ৮৯ কোটি টাকায় পৌঁছেছে।
পিয়ারলেস হাসপাতাল ও পিয়ারলেস হোটেলসের ডিরেক্টর সুপ্রিয় সিনহা জানান, বর্তমানে কলকাতা, দুর্গাপুর এবং হায়দরাবাদে সংস্থার তিনটি হোটেল রয়েছে এবং ভবিষ্যতেও ব্যবসায়িক (বিজনেস) হোটেল খাতেই বিশেষ জোর দেওয়া হবে।
Also Read | দুই দেশের সম্পর্ক মধুর করতে ভারত থেকে বাংলাদেশে রফতানি ৬০০ আনারস




