কলকাতা: হঠাৎই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) সূচির পরিবর্তন করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এর পিছনে কারণ নির্বাচন। রাজনৈতিক সমস্যা এড়িয়ে সুরক্ষিতভাবে খেলা সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
সামনেই আমেদাবাদে পৌরসভা নির্বাচন। তাই আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে পুরোনো সূচিতে একটু ছোট্ট বদল করতে হয়েছে ভারতের ক্রিকেট সংস্থাকে। একমাত্র গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ভ্যেনুতে বদল করা হয়েছে। এই দুই দলের হোম এবং অ্যাওয়ে ম্যাচের ভেন্যু একে অপরের সঙ্গে বিনিময় করা হয়েছে। আর বাকি ম্যাচের সূচির কোনো পরিবর্তন করা হয়নি।
আগের সূচিতে গুজরাট বনাম চেন্নাই সুপার কিংসের দুটি ম্যাচ ২৬ এপ্রিল এবং ২১ মে। ২৬ এপ্রিল গুজরাট বনাম চেন্নাইয়ের প্রথম দ্বৈরথটি হবার কথা ছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর ৩:৩০ মিনিটে। সেই ম্যাচটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।
গুজরাট এবং চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচটি হবার কথা ছিল চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সন্ধ্যে ৭:৩০ মিনিটে। নতুন সূচি অনুযায়ী এই ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
উল্লেখ্য, গুজরাট টাইটানস দুটি ম্যাচ জিতে ৪ পয়েন্টে সংগ্রহ করে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস মাত্র একটি ম্যাচে সফলতা পেয়েছে এবং ২ পয়েন্ট নিয়ে তারা এখন ৯ নম্বরে।




















