ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম বড় মঞ্চ। প্রতি বছর বহু তরুণ প্রতিভা উঠে আসে এই মঞ্চ থেকে। এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তরুণ খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সঙ্গে খেলতে এবং শিখতে সুযোগ পায়। অন্যদিকে অনেক তারকার ক্যারিয়ারের শেষ অধ্যায়ও কাছে চলে আসে।
আইপিএল ২০২৬ মরসুম এমনই কয়েকজন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারের জন্য শেষ আইপিএল হতে পারে। তাঁরা হলেন –
১. মহেন্দ্র সিং ধোনি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ধোনি এখনো আইপিএল খেলেন। তাঁর বয়স এখন ৪৪ বছর চেন্নাই সুপার কিংস-এর অধিনায়কের দায়িত্ব তিনি আগেই ঋতুরাজ গায়েকোয়ার-কে দিয়ে দিয়েছেন। এছাড়া কয়েক বছর ধরে চোটজনিট নানা সমস্যায় ভুগছেন। অন্যদিকে সিএসকে এবছর রাজস্থানের থেকে ব্যাটসম্যান ও উইকেটকিপার সঞ্জু স্যামসন-কে কিনে নেয়। হয়তো ভবিষ্যতে ধোনির বিকল্প হিসেবে ব্যবহার করা হবে তাকে।
২. অজিঙ্কা রাহানে: অজিঙ্কাকে সাধারণত টেস্ট খেলার জন্য যথার্থ মনে করা হয়। টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা চলতেই থাকে। এছাড়া গতবছর কলকাতা নাইট রাইডার্সে খুব একটা ভালো পারফর্ম্যান্স করেননি ৩৭ বছর বয়সী এই ব্যাটার। এবছরই কেকেআর-এ এবার তাঁর শেষ আইপিএল হতে পারে।
৩. ঈশান্ত শর্মা : গুজরাট টাইটান্স-এর এই বোলার গত বছর চারটি ম্যাচে ১১.১৮ ইকোনমি রেটে চারটি উইকেট শিকার করেছিলেন। ফলে তিনি ফ্র্যাঞ্চাইজির কাছে একটু খরুচে হিসেবেই প্রমাণিত হন। এবছরও ৩৭ বছরের ঈশান্ত-কে দলে রেখেছে গুজরাট। এবার তাঁর শেষ আইপিএল হতে পারে।
৪. জয়ন্ত যাদব : ২০২২ থেকে আইপিএল-এ অফ-স্পিনার জয়ন্ত গুজরাট টাইটান্স-এর সাথে যুক্ত। ২০২৪,২০২৫ এই দুই মরসুমে জয়ন্তকে কেনা হলেও তিনি মাঠে খেলার সুযোগ পাননি। ইতিমধ্যেই তাঁর বয়স ৩৬ বছর হয়ে গেছে, তাই হয়তো তিনি আর বেশি দিন দলে নিজের জায়গা ধরে রাখতে পারবেন না।
৫. জয়দেব উনাদকাট : ২০১০ সাল থেকে তিনি আইপিএল-এর অংশ। তবে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে তাঁকে বেশ বেগ পেতে হয়েছে। আগামী বছর তাঁর বয়স ৩৫ বছর পূর্ণ হবে। এমতাবস্থায় উদীয়মান তরুণ খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।




















