আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিস্ফোরক মন্তব্য করেন।নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন বিজেপির দালাল।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এ দিন নির্ধারিত বৈঠকে উপস্থিত থাকলেও কমিশনের ভূমিকা ও সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক থেকে বেরিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, নির্বাচন কমিশনের আচরণ ক্রমশ একপাক্ষিক হয়ে উঠছে এবং তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তাঁর অভিযোগ, কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন না করে শাসক দল বিজেপির স্বার্থরক্ষায় কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন, “নির্বাচন কমিশনকে মানুষ বিশ্বাস করত। কিন্তু এখন সেই বিশ্বাস ভেঙে যাচ্ছে। কমিশনের প্রতিটি সিদ্ধান্তে বিজেপির সুবিধা হচ্ছে। এটা আর লুকোনোর কিছু নেই।” তিনি আরও দাবি করেন, বিরোধী দলগুলিকে কোণঠাসা করতে পরিকল্পিতভাবে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং কমিশন সেই কাজে নীরব সমর্থন দিচ্ছে।
অন্য দিকে, বিজেপি মমতার (Mamata Banerjee) এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, নির্বাচনে সম্ভাব্য পরাজয়ের আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এ ধরনের মন্তব্য করছেন।




















