দায়িত্ব পাওয়ার দু’দিনেই বদলি সিঁথি থানার মহিলা ওসি! নেপথ্যে কোন কারণ?

কলকাতা: দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশের ইনস্পেক্টর চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো সিঁথি থানার ওসি পদ থেকে। গত বৃহস্পতিবার কলকাতা পুলিশের ৩৩ জন…

কলকাতা: দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশের ইনস্পেক্টর চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো সিঁথি থানার ওসি পদ থেকে। গত বৃহস্পতিবার কলকাতা পুলিশের ৩৩ জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকের বদলির নির্দেশ দিয়েছিলেন নগরপাল অজয় নন্দ। সেই নির্দেশিকার ৪৮ ঘণ্টার মধ্যেই চামেলির এই অপসারণ পুলিশ মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।

কী ছিল সেই বদলি?

বাহিনীতে নারী ক্ষমতায়নের বার্তা দিয়ে সিঁথি ও সরশুনা থানার দায়িত্ব দেওয়া হয়েছিল যথাক্রমে চামেলি মুখোপাধ্যায় ও রূপা সিংহকে। ২০১০ সালে দেবশ্রী চট্টোপাধ্যায়ের পর গত ১৬ বছরে কোনো মহিলা আধিকারিক থানার দায়িত্ব পাননি। সেই নিরিখে গত বৃহস্পতিবারের বদলি ছিল কলকাতা পুলিশের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২০০৪ ব্যাচের অফিসার চামেলিকে সিঁথি থেকে সরিয়ে ফের তাঁর পুরনো পোস্টিং উল্টোডাঙা মহিলা থানায় ফিরিয়ে নিয়ে যাওয়ায় অবাক অনেকেই। তাঁর জায়গায় আমহার্স্ট স্ট্রিট মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত শৃঙ্খলা শর্মাকে সিঁথির নতুন ওসি করা হয়েছে।

কেন এই অপসারণ?

পুলিশের অন্দরের গুঞ্জন, শাসকদলের এক বিধায়কের সঙ্গে বিরোধই এই দ্রুত বদলির নেপথ্যে মূল কারণ। গিরিশ পার্ক থানায় অতিরিক্ত ওসি থাকাকালীন ওই বিধায়কের সঙ্গে তাঁর সংঘাত হয়েছিল বলে পুলিশকর্মীদের একাংশের দাবি। লালবাজারের শীর্ষকর্তাদের একটি বড় অংশের মতে, বর্তমান মহিলা ইনস্পেক্টরদের মধ্যে চামেলি অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই এগিয়ে। কলকাতা পুলিশের মোট ১২টি থানায় কাজ করার বিরল অভিজ্ঞতা তাঁর ঝুলিতে রয়েছে। এমন একজন অভিজ্ঞ অফিসারকে যোগ্যতার প্রমাণ দেওয়ার সুযোগ না দিয়েই সরিয়ে দেওয়ায় বাহিনীর মনোবল ভেঙে যেতে পারে বলে মনে করছেন আধিকারিকদের একাংশ।

যদিও এই বিষয়ে লালবাজারের বক্তব্য, এটি সম্পূর্ণ একটি প্রশাসনিক সিদ্ধান্ত। তবে এই ঘটনার কোনো স্পষ্ট ব্যাখ্যা নির্দেশিকায় না থাকায় বাহিনীর অন্দরে যে অস্বস্তি বাড়ছে, তা স্পষ্ট।

অনুষ্ঠান হোক বা খেলার মাঠ ‘বন্দে মাতরম’ গাইতে হবে আগে পরে ‘জন গণ’! নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

এক বাড়িতে একাধিক প্রাপক? অন্নপূর্ণা যোজনার জটিলতা কাটাতে জানুন নতুন নিয়ম