তৃণমূল কংগ্রেসের অন্দরে চলতে থাকা রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন দলের বর্ষীয়ান নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) । দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত অনুব্রত, যিনি কেষ্ট নামেই বেশি পরিচিত, এবার দলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলে নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিলেন। বিশেষ করে তৃণমূলের সংসদীয় দলের একাংশের আলাদা ব্লক গঠনের উদ্যোগ এবং দলীয় নেতৃত্ব নিয়ে প্রশ্নের আবহে তাঁর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সম্প্রতি পরিষদীয় দলের পরে তৃণমূলের সংসদীয় দলেও ভাঙনের ইঙ্গিত মিলেছে। লোকসভায় একাধিক সাংসদ মিলে আলাদা ব্লক তৈরির কথা প্রকাশ্যে জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে জোড়াফুল শিবিরে অস্বস্তি বাড়ছে। তবে এই তথাকথিত ‘বিদ্রোহ’ নিয়ে অনুব্রতের অবস্থান অনেকটাই ব্যতিক্রমী। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই পদক্ষেপের মধ্যে তিনি কোনও অন্যায় দেখছেন না। (Anubrata Mandal) অনুব্রত বলেন, “অন্যায় তো করেনি কেউ। খারাপ কাজ তো করেনি কিছু। তাঁরা বিজেপি করেননি। তাঁরা আলাদা একটা ফ্রন্ট তৈরি করেছেন।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট যে, দলের একাংশের ভিন্ন রাজনৈতিক অবস্থান বা সংগঠনগত উদ্যোগকে তিনি সরাসরি বিরোধিতা করছেন না। বরং ঘটনাটিকে তিনি গণতান্ত্রিক পরিসরের মধ্যেই দেখছেন বলে মনে করা হচ্ছে।
তবে একইসঙ্গে দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের আবেগ ও শ্রদ্ধার কথাও তুলে ধরেছেন তিনি। অনুব্রতের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচণ্ড খারাপ লাগছে। ভদ্রমহিলাকে দেখলে কষ্ট হচ্ছে। শুধু আমি কেন, যত জন বিধায়ক-সাংসদ বেরিয়ে গিয়েছেন, তাঁদের জিজ্ঞাসা করলেও একই কথা বলবেন। তাঁরা বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা আছি।” এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, অনুব্রত কি নিজেও ধীরে ধীরে দলীয় নেতৃত্ব থেকে দূরত্ব তৈরি করছেন? (Anubrata Mandal) যদিও তিনি সরাসরি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে তাঁর বক্তব্যে দলের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষের ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
এদিন অনুব্রত মণ্ডল(Anubrata Mandal) দলের সাম্প্রতিক নির্বাচনী ফলাফল নিয়েও মুখ খুলেছেন। তাঁর মতে, বিধানসভা নির্বাচনে দলের খারাপ ফলাফলের অন্যতম কারণ ভোটকুশলী সংস্থা আইপ্যাক। তিনি অভিযোগ করেন, আইপ্যাক শুধু রাজনৈতিক কৌশল নির্ধারণ করেনি, বরং দলের অভ্যন্তরীণ তথ্য নিয়েও কাজ করেছে। কেষ্টর অভিযোগ, “আইপ্যাক টাকা খাওয়ার জন্য এসেছিল।” (Anubrata Mandal) পাশাপাশি তিনি তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগও তুলেছেন ওই সংস্থার বিরুদ্ধে। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের উত্থানের সময় কোনও ভোটকুশলী সংস্থার প্রয়োজন হয়নি। সাধারণ কর্মী, সংগঠক এবং নেতৃত্বের ওপর ভর করেই দল শক্তিশালী হয়েছিল।
অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “১৯৯৮ সালে যখন দল তৈরি হল, তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। আমরা সাতটা আসন পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হলেন। তখন আইপ্যাক ছিল না। কোনও জ্ঞানী-গুণী ছিল না। আমাদের মতো , মুকুল রায়, গৌতম বসু, বালু, পঙ্কজদা, মদন মিত্র এরাই ছিল। আমরাই ছিলাম দলের প্রধান শক্তি।”



















