
নয়াদিল্লি: বিশ্বমঞ্চে ফের ভারতের জয়জয়কার। পাঁচ দেশের বিদেশ সফরের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজেদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস’-এ (Royal Order of Polar Star Commander Grand Cross) ভূষিত করল সুইডেন (Sweden)। এই নিয়ে বিশ্বজুড়ে প্রধানমন্ত্রী মোদীর প্রাপ্ত আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১-এ। (Narendra Modi Sweden Award)
সুইডেন সফরে মোদীর মেগা প্রাপ্তি ও রদবদল: একনজরে
রবিবার গোথেনবার্গ বিমানবন্দরে পৌঁছনোর পরই মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। এরপরই তাঁর হাতে তুলে দেওয়া হয় সে দেশের এই সর্বোচ্চ নাগরিক ও রাষ্ট্রীয় সম্মান। দুই রাষ্ট্রনেতার মধ্যে বাণিজ্য ও প্রযুক্তির প্রসার নিয়ে দীর্ঘ বৈঠক হয়। মূল ফোকাসে ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), স্টার্টআপ, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি। বৈঠকের আগে মোদীর হাতে দু’টি ছোট কবিতার প্রতিলিপি তুলে দেন সুইডিশ প্রধানমন্ত্রী। মোদী নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন।
সুদূর সুইডেনে এক টুকরো বাংলা!
এই সফরের অন্যতম আকর্ষণ ছিল প্রবাসী ভারতীয়দের দেওয়া সংবর্ধনা, যেখানে আক্ষরিক অর্থেই ফুটে উঠেছিল ‘মিনি ইন্ডিয়া’-র ছবি। বিশেষ করে প্রবাসী বাঙালিদের উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। উৎসবের মেজাজে, ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির ছোঁয়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। পিতলের বরণডালা, প্রদীপ, ধান-দুর্বো এবং শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে সুদূর স্ক্যান্ডিনেভিয়ান দেশে মোদীকে বরণ করে নেন বাঙালিরা। উপস্থিত ছিলেন স্বয়ং সুইডিশ প্রধানমন্ত্রীও।
উল্লেখ্য, ২০১৮ সালের পর এটি প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সুইডেন সফর। আন্তর্জাতিক মহলে ভারতের ক্রমবর্ধমান প্রভাব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে এই সফর ও সম্মানপ্রাপ্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

