আর লাগবে না অনুমতি! রাজ্যে তদন্তে CBI-কে ‘ফ্রি হ্যান্ড’ দিল নতুন বিজেপি সরকার

কলকাতা: রাজ্যে সিবিআই (CBI) তদন্তের নীতিতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী পরিবর্তন ঘটাল নতুন রাজ্য সরকার। রাজ্যে, কোনও কেন্দ্রীয় মামলার তদন্ত শুরু করার জন্য সিবিআই-কে আলাদা করে রাজ্যের অনুমতি ...

By Moumita Biswas

Published:

Follow Us
West Bengal CBI General Consent Restored

কলকাতা: রাজ্যে সিবিআই (CBI) তদন্তের নীতিতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী পরিবর্তন ঘটাল নতুন রাজ্য সরকার। রাজ্যে, কোনও কেন্দ্রীয় মামলার তদন্ত শুরু করার জন্য সিবিআই-কে আলাদা করে রাজ্যের অনুমতি নেওয়ার যে নিয়ম এতদিন জারি ছিল, তার অবসান ঘটল। রাজ্যে ক্ষমতায় এসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ‘জেনারেল কনসেন্ট’ বা সার্বিক অনুমতি ফিরিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এর ফলে এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী বা কেন্দ্রীয় সরকারি সংস্থার সঙ্গে যুক্ত যে কোনও দুর্নীতি ও মামলার তদন্ত এ রাজ্যে শুরু করতে সিবিআই-কে আর নবান্নের দোরগোড়ায় কড়া নাড়তে হবে না। একইভাবে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশমাফিক তদন্তের ক্ষেত্রেও এই একই নীতি প্রযোজ্য হবে। (West Bengal CBI General Consent Restored)

সোমবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি মেগা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নোটিফিকেশনে স্পষ্ট জানানো হয়েছে, ‘দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট, ১৯৪৬’-এর ৬ নম্বর ধারার অধীনে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সিবিআই-এর ক্ষমতা ও এক্তিয়ার সম্প্রসারণে রাজ্য সরকার পূর্ণ সম্মতি দিচ্ছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

   

সরাসরি তদন্ত করতে পারবে সিবিআই, তবে রয়েছে ব্যতিক্রম

নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের কর্মী, কেন্দ্রীয় পাবলিক সেক্টর বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী কিংবা তাঁদের সঙ্গে যুক্ত কোনও বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সিবিআই সরাসরি এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু করতে পারবে। তবে এই মেগা ছাড়ে একটি বিশেষ ব্যতিক্রমও রেখেছে নবান্ন। নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে কোনও মামলার তদন্ত শুরু করতে হলে সিবিআই-কে এখনও রাজ্য সরকারের পূর্বলিখিত অনুমতি নিতে হবে। অর্থাৎ, রাজ্যের কর্মচারীদের ক্ষেত্রে সুরক্ষাকবচ বহাল রাখল শুভেন্দু সরকার।

২০১৮ সালের মমতার সিদ্ধান্তের অবসান

উল্লেখ্য, ২০১৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার সিবিআই-এর এই ‘জেনারেল কনসেন্ট’ বা সার্বিক অনুমতি প্রত্যাহার করে নিয়েছিল। তৎকালীন রাজ্য সরকারের যুক্তি ছিল, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার রুখতেই এই কড়া পদক্ষেপ। সেই সিদ্ধান্তের জেরে গত আট বছর ধরে পশ্চিমবঙ্গে কোনও নতুন তদন্ত শুরু করতে গেলে প্রতিটি ক্ষেত্রে আলাদা করে রাজ্য সরকারের অনুমতি নিতে হতো কেন্দ্রীয় সংস্থাকে, যা নিয়ে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। কেন্দ্র পাল্টা আদালতে জানিয়েছিল, রাজ্য এই ক্ষমতা ব্যবহার করে তদন্ত সম্পূর্ণ আটকে দিতে পারে না। শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের একাধিক বিজেপি-বিরোধী রাজ্যও গত কয়েক বছরে সিবিআই-এর জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছিল।

রাজনৈতিক মহলের মতে, দীর্ঘ আট বছর পর সিবিআই-কে ফের বঙ্গে মুক্ত হাতে তদন্তের সার্বিক অনুমতি দেওয়ার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে এক মস্ত বড় প্রশাসনিক পদক্ষেপ। আগামী দিনে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে এর প্রভাব কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google