
পান্ডুয়া: নির্বাচনের দিনক্ষণ যত এগোচ্ছে, প্রার্থীদের প্রচারে ততই অভিনবত্বের ছোঁয়া মিলছে। এবার হুগলির পান্ডুয়ায় শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক একেবারে ভিন্ন পন্থা বেছে নিলেন বিজেপি প্রার্থী তুষার মজুমদার। কৃষকদের দুর্দশার কথা তুলে ধরতে প্রচারে বেরিয়ে হাতে আলুর মালা নিয়ে জপ করতে দেখা গেল তাঁকে। গেরুয়া শিবিরের প্রার্থীর এই ব্যতিক্রমী প্রচার ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
আলুর ফলন হলেও মিলছে না দাম
চলতি বছর রাজ্যে আলুর ব্যাপক ফলন হয়েছে। কিন্তু ফলন ভালো হলেও চাষিদের কপালে চিন্তার ভাঁজ। বাজারে আলুর সঠিক দাম না মেলায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। দিনরাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়েও ন্যায্য মূল্য জুটছে না। চাষের খরচটুকুও না ওঠায় রাজ্যের আলু চাষিরা কার্যত দিশেহারা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন।
রাজ্যকে তীব্র আক্রমণ প্রার্থীর
কৃষকদের এই জ্বলন্ত সমস্যাকেই ভোটের ময়দানে হাতিয়ার করেছে বিজেপি। আলুর মালা জপ করে অভিনব উপায়ে রাজ্য সরকারের কৃষক-নীতির তীব্র সমালোচনা করেন তুষার মজুমদার। রাজ্যকে সরাসরি নিশানা করে তিনি বলেন, “রাজ্য সরকার কৃষকদের কথা একেবারেই ভাবে না। বাজারে আলুর কোনও দাম নেই। চাষিরা আজ দেনার দায়ে কার্যত মরতে বসেছেন।”
ভোটের মুখে আলুর দাম না পাওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ স্থানীয় ইস্যুকে সামনে রেখে বিজেপি প্রার্থীর এই প্রচার সাধারণ মানুষের কতটা মন জয় করতে পারে, এখন সেটাই দেখার।

