ইন্টারভিউ আপাতত বন্ধ, পর্ষদের ঘোষণায় হতাশ চাকরিপ্রার্থীরা

West Bengal Recommends Overhaul of Primary Teacher Appointment Process
West Bengal Recommends Overhaul of Primary Teacher Appointment Process

প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ (Teacher’s Recruitment) প্রক্রিয়া নিয়ে বড়সড় ধাক্কা খেলেন চাকরিপ্রার্থীরা। আগে ঘোষণা করা হয়েছিল, ৬ এপ্রিল থেকে শুরু হবে ইন্টারভিউ পর্ব এবং তা চলবে মে মাস পর্যন্ত। সেই অনুযায়ী দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন প্রার্থীরা। কিন্তু হঠাৎ করেই জানানো হয়েছে, আপাতত স্থগিত রাখা হচ্ছে এই সাক্ষাৎকার প্রক্রিয়া।

এই ঘোষণায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন প্রায় ১৩ হাজার ৪২১ জন চাকরিপ্রার্থী। অনেকেই ইতিমধ্যেই ইন্টারভিউয়ের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। কেউ নথিপত্র গুছিয়ে রেখেছেন, কেউ আবার মক ইন্টারভিউ দিয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন। এমন পরিস্থিতিতে আচমকা স্থগিতাদেশে স্বাভাবিকভাবেই হতাশা এবং ক্ষোভ ছড়িয়েছে প্রার্থীদের মধ্যে। যদিও পর্ষদের তরফে এখনও পর্যন্ত এই(Teacher’s Recruitment) স্থগিতাদেশ নিয়ে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। শুধু জানানো হয়েছে, ‘অনিবার্য কারণবশত’ আপাতত এই প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। তবে ঠিক কী সেই অনিবার্য কারণ, তা স্পষ্ট করে বলা হয়নি। এর জেরে বিভ্রান্তি আরও বেড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এত বড় একটি নিয়োগ প্রক্রিয়া হঠাৎ করে কীভাবে থামিয়ে দেওয়া হল, তা নিয়ে স্বচ্ছতা কেন নেই।

   

সূত্রের খবর, আসন্ন নির্বাচনকে ঘিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। নির্বাচন কমিশনের বিভিন্ন বিধিনিষেধ এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে এই ধরনের নিয়োগ প্রক্রিয়া চালানো কঠিন হয়ে পড়ে। সেই কারণেই আপাতত ইন্টারভিউ স্থগিত রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে পর্ষদের তরফে সরাসরি কিছু বলা হয়নি, তবুও প্রার্থীদের একাংশের দাবি, নির্বাচনের পরেই সম্ভবত নতুন করে ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করা হবে।