পাঁশকুড়া: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের তাঁর ঘনিষ্ঠ এক বিজেপি নেতার ওপর হামলার ঘটনায় রণক্ষেত্রের রূপ নিল পাঁশকুড়া। বৃহস্পতিবার বিকেলে বিজেপি নেতা প্রসেনজিৎ মন্ডলের ওপর বন্দুক নিয়ে হামলার অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে শুক্রবার সকালেই চার তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। (Panskura BJP Leader Attack)
ঘটনার বিবরণ
বিজেপি নেতা প্রসেনজিৎ মন্ডল, যিনি ভবানীপুর উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর অন্যতম বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করেছিলেন, তাঁর অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে একদল দুষ্কৃতী তাঁর পথ আটকায়। অভিযোগ, তাঁর মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয় এবং মাথায় বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি দেওয়া হয়। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসেন তিনি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাঁশকুড়া শহরে।
প্রশাসনিক তৎপরতা ও গ্রেফতারি
বৃহস্পতিবার রাতেই পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রসেনজিৎ মন্ডল। অভিযোগের তীর ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে। ঘটনার গুরুত্ব বিচার করে রাতেই তল্লাশিতে নামে পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় চার তৃণমূল নেতাকে। ধৃতরা হলেন, গুরুপদ মুন্সী, কামাল হাসান, ভিম সেতুয়া, জাহিরুল ইসলাম৷
রাজনৈতিক প্রেক্ষাপট
উল্লেখ্য, মাসখানেক আগেই শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছিল, যার তদন্ত বর্তমানে সিবিআই করছে। সেই ক্ষত শুকোনোর আগেই প্রসেনজিতের ওপর হামলাকে ‘সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাবি করছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ধৃতদের আজই তমলুক আদালতে পেশ করা হবে।




















