মেখলিগঞ্জ সীমান্তে উত্তেজনা কমাতে বিএসএফ-বিজিবির দ্রুত পদক্ষেপ, উদ্ধার কৃষক

Mekhliganj Border Tension Eased After Swift Action by BSF and BGB, Farmer Freed
Mekhliganj Border Tension Eased After Swift Action by BSF and BGB, Farmer Freed

মেখলিগঞ্জ: সীমান্তে ফের উত্তেজনা। কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জের ফুলকাবাড়ি–কাংগাতুলি সংলগ্ন কাঁটাতারের গেট নম্বর ৬ এলাকায় এক ভারতীয় কৃষককে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। অপহৃত ওই কৃষকের নাম সহদেব রায়। তবে দ্রুত তৎপরতায় শেষ পর্যন্ত দু’ঘণ্টার মধ্যেই তাঁকে উদ্ধার করে ফিরিয়ে আনল বিএসএফ, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বৈঠকের পর।

স্থানীয় সূত্রে খবর, গতকাল ওই সীমান্ত (Cooch Behar) এলাকা দিয়ে অবৈধভাবে কয়েক জন বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করলে তা বিএসএফের নজরে আসে। পরিস্থিতি সামাল দিতে রবার বুলেট ছোঁড়া হলে এক বাংলাদেশি যুবক আহত হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, সেই ঘটনার জেরেই বৃহস্পতিবার সকালে প্রতিশোধ নিতে একদল বাংলাদেশি দুষ্কৃতী সীমান্তের ওপারে চাষ করতে যাওয়া সহদেব রায়কে টেনে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

   

স্থানীয়দের বক্তব্য, (Cooch Behar) কাঁটাতারের ওপারে প্রায় এক কিলোমিটার দূরে দু’দেশের ‘জিরো পয়েন্ট’ থাকায় মাঝেমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত সমস্যা তৈরি হয়। সেই সুযোগেই এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত তৎপর হয় বিএসএফ। সীমান্তের ওপারের বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করে বৈঠকে বসে তারা। অবশেষে প্রায় দু’ঘণ্টার মধ্যেই উদ্ধার করে সহদেব রায়কে ফিরিয়ে আনা হয়।

এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সহদেববাবুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তবে সীমান্তের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়।