ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee Municipal Meeting

কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে কালীঘাটের বাসভবন থেকে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। মনোনয়ন পর্ব মিটতেই একদিকে যেমন ভবানীপুরের সঙ্গে তাঁর নাড়ির টানের কথা তুলে ধরেন, তেমনই ‘ডিলিটেড’ ভোটার ইস্যুতে কড়া বার্তা দেন তিনি। (mamata banerjee to file nomination)

এদিন সকাল সওয়া ১১টা নাগাদ মনোনয়ন জমা দিতে সার্ভে বিল্ডিংয়ে ঢোকেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যমন্ত্রীর দুই ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ও কার্তিক বন্দ্যোপাধ্যায়, ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা সন্দীপ বক্সী। ১১টা ২০ মিনিট নাগাদ ফর্মে স্বাক্ষর করে এবং সমস্ত নিয়ম মেনে মনোনয়ন জমা দিয়ে বাইরে আসেন মমতা।

   

এরপরই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। ‘ডিলিটেড’ ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, “পরে নাম তুলে কী হবে? ভোটটাই তো দিতে পারবে না।” একইসঙ্গে ভবানীপুরের মানুষের উদ্দেশে আবেগঘন বার্তায় তৃণমূল নেত্রী বলেন, “আমি ছোট থেকে এখানেই আছি। এখান থেকেই আমার সব কিছু। এই জায়গাই আমার ধর্ম, কর্ম, আন্দোলনের জায়গা। ভবানীপুরের মানুষকে আমার ধন্যবাদ ও নমস্কার।”