
কলকাতা: পশ্চিম এশিয়ার সংঘাত এবং বিশ্বজুড়ে চরম আর্থিক অনিশ্চয়তার আবহে সতর্ক পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বুধবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেছেন, মুদ্রানীতি কমিটির (MPC) বৈঠকে রেপো রেট (Repo Rate) ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, উৎসবের মরসুমে সাধারণ মানুষের ঋণের ইএমআই (EMI) কমার কোনও সম্ভাবনা আপাতত নেই।
কেন এই সিদ্ধান্ত?
গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, সামষ্টিক অর্থনীতি ও আর্থিক পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনার পর মুদ্রানীতি কমিটির সব সদস্য সর্বসম্মতিক্রমে রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দিয়েছেন। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে রেপো রেটে কোনও পরিবর্তন করা হয়নি। তিনি আরও জানান, বিশ্বজুড়ে চলতে থাকা সংঘাতের কারণে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশে বর্তমানে মুদ্রাস্ফীতি (Inflation) বা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকলেও, বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে খাদ্যপণ্যের দাম বাড়ার বড়সড় ঝুঁকি তৈরি হয়েছে।
কী কী অপরিবর্তিত থাকল? RBI repo rate unchanged
রেপো রেট ৫.২৫ শতাংশে স্থির থাকার পাশাপাশি, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট ৫ শতাংশ এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট ৫.৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতোই আরবিআই তাদের ‘নিরপেক্ষ’ (Neutral) অবস্থান বজায় রেখেছে।
অর্থনীতিতে সংঘাতের কোপ
অর্থনৈতিক বৃদ্ধির বিষয়ে আরবিআই জানিয়েছে, দেশে আর্থিক বৃদ্ধির গতি এখনও বেশ শক্তিশালী। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত ভারতের অর্থনীতির জন্য বেশ কিছু ঝুঁকির কারণ হতে পারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে তা দেশের ‘কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি’ বাড়াতে পারে। সেই সঙ্গে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যাহত হওয়ার কারণে জিনিসের দাম বাড়লে সার্বিক আর্থিক বৃদ্ধিও ধাক্কা খেতে পারে।
তবে এই ঝুঁকির মধ্যেও আশার কথা শুনিয়েছেন গভর্নর। তিনি স্পষ্ট জানিয়েছেন, অতীতের যেকোনো সঙ্কটের তুলনায় বর্তমানে ভারতীয় অর্থনীতির ভিত অনেক বেশি মজবুত। যেকোনো বড় ধাক্কা সামলে ওঠার ক্ষমতা ভারতের রয়েছে। বিশ্ব ও দেশের পরিস্থিতির ওপর রিজার্ভ ব্যাঙ্ক কড়া নজর রাখছে এবং প্রয়োজন পড়লে আগামী দিনে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

