সন্তোষপুর: ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুর এলাকা। মহেশতলা বিধানসভার অন্তর্গত ১৬ বিঘা বস্তিতে শনিবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। আগুনের লেলিহান শিখা রেললাইন পর্যন্ত পৌঁছে যাওয়ায় পুড়ে গিয়েছে ওভারহেডের তার। এর জেরে শিয়ালদা-বজবজ শাখায় লোকাল ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। চরম ভোগান্তির শিকার শয়ে শয়ে নিত্যযাত্রী।
ভস্মীভূত ৪০টি ঝুপড়ি, সর্বস্বান্ত বাসিন্দারা
স্থানীয় সূত্রে খবর, দুপুর দেড়টা নাগাদ বস্তির একটি ঘরে প্রথম আগুন লাগে। বস্তিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ৪০টি ঝুপড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। বাসিন্দারা প্রাণ বাঁচাতে শিশুদের নিয়ে রেললাইনের ওপর আশ্রয় নেন। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও ঘিঞ্জি এলাকা হওয়ায় ভেতরে ঢুকতে প্রাথমিক সমস্যায় পড়তে হয় কর্মীদের। বর্তমানে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে।
বিপর্যস্ত রেল পরিষেবা ও পূর্ব রেলের তৎপরতা Maheshtala Slum Fire
আগুনের তাপে রেলের ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বজবজ লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শিবরাম মাজি জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত তার মেরামত করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে নিরাপত্তার স্বার্থে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঘটনাস্থলে রাজনৈতিক প্রার্থীরা
ভোটের আবহে এই বিপর্যয়ের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান মহেশতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভাশিস দাস। সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ও সেখানে যাচ্ছেন বলে জানা গিয়েছে। শর্ট সার্কিট থেকেই এই আগুন কি না, তা খতিয়ে দেখছে দমকল। তবে চোখের সামনে ঘরবাড়ি পুড়ে ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়েছেন ১৬ বিঘা বস্তির বাসিন্দারা।
আরও পড়ুন- বাংলায় নির্বাচনী প্রচারে সায়নীকে মদিনার ঠিকানা দিলেন মামা




















