ইসকনের মিড ডে মেনু: কোন দিন পাতে কী পড়বে? তালিকা দিল রাজ্য

কলকাতা: ১ অগাস্ট, শনিবার থেকে কলকাতার সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের নতুন দায়িত্বভার গ্রহণ করল ইসকন। ‘অন্নামৃত’ মেগা কিচেনের মাধ্যমে স্কুল পড়ুয়াদের…

কলকাতা: ১ অগাস্ট, শনিবার থেকে কলকাতার সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের নতুন দায়িত্বভার গ্রহণ করল ইসকন। ‘অন্নামৃত’ মেগা কিচেনের মাধ্যমে স্কুল পড়ুয়াদের জন্য সুস্বাদু, পুষ্টিকর এবং পরিচ্ছন্ন মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছে তারা। এদিন এই মেগা কিচেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমান সরকারের এই পদক্ষেপে ছাত্রছাত্রীদের পুষ্টির মান নিশ্চিত করার পাশাপাশি রাঁধুনি ও কর্মী মহলের সুরক্ষাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কত পড়ুয়া পাচ্ছে এই পরিষেবা?

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট জানান, খাবারের প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেটের সঠিক মাত্রা বজায় রেখেই পুষ্টিগুণ সম্পন্ন মিড ডে মিল সরবরাহ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রথম ধাপে আজ থেকে কলকাতার প্রায় ৫০০টি বিদ্যালয়ের ৪৪ হাজার শিক্ষার্থী এই কিচেনের রান্না করা খাবার পাচ্ছে। তবে আগামী ৩ মাসের মধ্যে এই পরিষেবা আরও সম্প্রসারিত করে প্রায় আড়াই লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, প্রাথমিক স্তরে মিড ডে মিলের বরাদ্দ মাথা পিছু ৬ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে এবং আপার প্রাইমারিতে বরাদ্দ ১০ টাকাই রাখা হয়েছে।

Advertisements

ইসকনের সাপ্তাহিক মেনু ও প্রথম দিনের বিশেষ আয়োজন

ইসকনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য একটি সুষম ও মুখরোচক সাপ্তাহিক মেনু তৈরি করা হয়েছে:

প্রধান খাবার: সপ্তাহে ঘুরিয়ে-ফিরিয়ে ভাত, খিচুড়ি কিংবা পোলাও দেওয়া হবে।

আমিষ বিকল্প (সুষম): নিরামিষের পাশাপাশি সপ্তাহে ঘুরিয়ে-ফিরিয়ে পনির বা ছানা রাখা হয়েছে।

অন্যান্য: কোনোদিন সয়াবিন, কোনোদিন পুষ্টিকর সবজি আবার কোনোদিন বাদাম পরিবেশন করা হবে।

মিষ্টি ও ফল: সপ্তাহে একদিন মিষ্টি এবং একদিন ফল দেওয়া হবে।

এদিকে, প্রথম দিনের বিশেষ মেনুতে পড়ুয়াদের জন্য ছিল—ভাত, পোলাও, মটর পনির, চাটনি, লাড্ডু, মাজা এবং কাপ কেক। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী নিজে বাচ্চাদের নিজহাতে খাবার পরিবেশন করেন এবং বাকি মন্ত্রী, প্রশাসনিক কর্তা ও ২০০ জন শিশুর সঙ্গে বসে সেই খাবার খান।

বিরোধীদের কটাক্ষ ও ডিম বিতর্কের জবাব

মিড ডে মিলের দায়িত্বে ইসকন আসার পর বিরোধীদের একাংশের সমালোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আগেই আন্ডা আন্ডা করে মিছিল করে ফেললেন আপনারা। ইসকন সাত্ত্বিক আহার তৈরি করে, তাদের নিজস্ব রীতিনীতি রয়েছে।” তবে পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে তিনি ঘোষণা করেন, রাজ্য সরকারের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সপ্তাহে দু’দিন করে ডিম সেদ্ধ দেওয়া হবে। সমালোচকদের উদ্দেশ্যে তাঁর সংযোজন, “আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, মুখ বন্ধ রাখবেন এবং অন্তত আজকের দিনের জন্য হিংসে রিপু নিয়ন্ত্রণ করবেন।”

রাঁধুনি ও আইসিডিএস কর্মীদের চাকরির নিশ্চয়তা

মিড ডে মিলের কাজ বেসরকারি সংস্থাকে দেওয়া নিয়ে রাঁধুনিদের চাকরি যাওয়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, এদিন তার অবসান ঘটান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, মিড ডে মিলের রাঁধুনি মা, দিদি বা বোনেরা কেউ কর্মচ্যুত হবেন না। ইসকন রান্না ও বিতরণের পুরো প্রক্রিয়ার সঙ্গেই তাঁদের যুক্ত রাখবে। পাশাপাশি, পূর্বের সরকারের আমলের কথা উল্লেখ করে তিনি জানান, আগে নামমাত্র ২ হাজার টাকা দেওয়া হলেও বর্তমান সরকার এখন থেকে এই সমস্ত কর্মীদের ৩ হাজার টাকা করে ভাতা প্রদান করবে।

বরাহনগরে মর্মান্তিক পথদুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার, জখম বাবা

মধুচক্রের ‘ফাঁদ’ পেতে প্রভাবশালীদের টার্গেট! গ্রেফতার হামিমের বান্ধবী অর্পিতা