কলকাতা: প্রথম দফার ভোটের ঠিক আগের রাতেই মুর্শিদাবাদে চরম রাজনৈতিক উত্তেজনা। বুধবার গভীর রাতে শক্তিপুর থেকে গ্রেফতার হলেন ভরতপুরের বিদায়ী বিধায়ক তথা ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হুমায়ুন কবীরের ভাইপো রাজা শেখ। পাশাপাশি, ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থীকেও রাতে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ভোটের মুখে এই জোড়া ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত জেলা রাজনীতি।
কেন গ্রেফতার হুমায়ুনের ভাইপো?
পুলিশ সূত্রে খবর, রেজিনগর থানায় রাজা শেখের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের একটি গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল। পুরনো সেই মামলাতেই বুধবার রাতে শক্তিপুর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি Humayun Kabir Nephew Arrest
ভাইপোর গ্রেপ্তারি নিয়ে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন হুমায়ুন কবীর। তাঁর সাফ দাবি, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে রাজাকে। ভাইপোর এই ‘বেআইনি’ গ্রেপ্তারির প্রতিবাদে শক্তিপুর থানা ঘেরাও করার কড়া হুঁশিয়ারিও দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান।
ভগবানগোলায় আটক প্রার্থী ও কর্মীরা
ভাইপোর গ্রেফতারির রেশ কাটতে না কাটতেই ভগবানগোলাতেও পুলিশের কড়া পদক্ষেপের মুখে পড়ে হুমায়ুনের দল। বুধবার গভীর রাতে আম জনতা উন্নয়ন পার্টির ভগবানগোলার প্রার্থী-সহ বেশ কয়েকজন কর্মী-সমর্থককে রানিতলা থানায় তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, ভোটের আগে ওই এলাকায় সন্ত্রাস ও অশান্তি ছড়ানোর ছক কষছিলেন তাঁরা। যদিও জিজ্ঞাসাবাদের পর দলের প্রার্থীকে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর মিলেছে।
ভোটের ঠিক কয়েক ঘণ্টা আগে হুমায়ুন শিবিরের ওপর পুলিশের এই ধারাবাহিক পদক্ষেপে সাধারণ ভোটারদের মধ্যেও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শাসকদলের অঙ্গুলিহেলনেই পুলিশ এই কাজ করছে বলে অভিযোগ তুলছে বিরোধী শিবির।
আরও পড়ুন: ভোটের আগের রাতে বোমাবাজিতে উত্তপ্ত নওদা! কাঠগড়ায় হুমায়ুন কবীরের দল




















