নওদা: প্রথম দফার ভোটের ঠিক আগে চরম উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের নওদায়। বুধবার রাতের অন্ধকারে নওদা বিধানসভার শিবনগর এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি কাঠগড়ায় হুমায়ুন কবীরের দল ‘আমজনতা উন্নয়ন পার্টি’। পরিস্থিতি গুরুতর বুঝে ইতিমধ্যেই এই ঘটনায় প্রশাসনের কাছে ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
কোথায় ঘটল এই বোমাবাজি?
জানা গিয়েছে, ঘটনাস্থল শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র থেকে মাত্র ৫০ মিটারের মধ্যে অবস্থিত। উল্লেখ্য বিষয় হল, ওই বুথেই কড়া পাহারায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তাদের নাকের ডগাতেই কীভাবে এই বোমাবাজি হল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। বোমার আঘাতে স্থানীয় এক মহিলা আহত হয়েছেন বলেও খবর।
তৃণমূলের অভিযোগ ও ক্ষোভ Murshidabad Naoda Bombing
নওদা কেন্দ্র থেকে এবার নিজের দল ‘আমজনতা উন্নয়ন পার্টি’-র টিকিটে লড়ছেন হুমায়ুন কবীর। এলাকার বাসিন্দারা এবং তৃণমূল সাংসদ আবু তাহের খান সরাসরি হুমায়ুনের দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন। আবু তাহের খানের অভিযোগ, সাধারণ ভোটারদের মনে আতঙ্ক তৈরি করতেই রাতের অন্ধকারে এই হামলা চালানো হয়েছে। খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে পৌঁছন আবু তাহের এবং নওদার তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খান। তাঁরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
আগের অশান্তির জের?
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে ওই শিবনগর এলাকাতেই দুই তৃণমূল কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছিল হুমায়ুনের লোকজনের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুরু হয় বোমাবাজি।
খবর পেয়ে রাতেই এলাকায় পৌঁছয় নওদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনও বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। তবে ভোটের ঠিক আগের রাতে এমন বোমাবাজির ঘটনায় শিবনগর এলাকার সাধারণ ভোটারদের মধ্যে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে।




















