কলকাতা: লোকসভা ভোটের সময় মুর্শিদাবাদের রাজনীতিতে ঝড় তোলা সেই ‘বিদ্বেষমূলক’ মন্তব্যের জন্য এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন হুমায়ুন কবীর। শনিবার রেজিনগরের জনসমাবেশ থেকে ‘জনতা উন্নয়ন পার্টি’র (JAP) প্রধান যা দাবি করলেন, তাতে রাজ্য রাজনীতিতে নতুন কম্পন শুরু হয়েছে। হুমায়ুন কবীরের বিস্ফোরক দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি হিন্দুদের ভাগীরথীর জলে ভাসানোর বিতর্কিত মন্তব্য করেছিলেন।
‘‘আমি অনুতপ্ত’’
গত লোকসভা নির্বাচনে হিন্দুদের নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে বির্তকে জড়ান হুমায়ুন। এদিন তিনি করজোড়ে বলেন, “মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে হিন্দু ভাইদের মনে আঘাত দিয়েছিলাম। আমি এখন অনুতপ্ত এবং দুঃখিত। প্রকাশ্যে আজ করজোড়ে ক্ষমা চাইছি। ভবিষ্যতে এমন মিথ্যেবাদী মুখ্যমন্ত্রীর কথায় কাউকে জেতানোর জন্য এমন কথা আর বলব না।”
ইউসুফ পাঠানকে জেতাতে মমতার ‘গোপন নির্দেশ’? Humayun Kabir apology controversy
এদিন হুমায়ুন কবীর অভিযোগ করেন, বহরমপুরে ইউসুফ পাঠানের জয় নিশ্চিত করতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। হুমায়ুনের কথায়, “দিদি আমাকে বলেছিলেন অধীর চৌধুরী আর মহম্মদ সেলিম জিতে যাচ্ছেন, তুমি একটা কিছু করো। আমি ওঁর কথা রাখতে গিয়েই যোগী আদিত্যনাথকে জবাব দিতে গিয়ে ওই মন্তব্য করেছিলাম।” তিনি আরও জানান, জেলার সাংগঠনিক নেতৃত্ব থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কেন তাঁকেই এই কাজ করতে বলেছিলেন, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। উত্তরে মমতা জানিয়েছিলেন, গুজরাত থেকে ইউসুফের বাবা-মাকে কথা দিয়ে তিনি বহরমপুরে এনেছেন, তাই হুমায়ুনকেই জেতানোর দায়িত্ব নিতে হবে।
সেলিমের সুরেই সুর মেলালেন হুমায়ুন
সম্প্রতি সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছিলেন যে, মমতার কথাতেই হুমায়ুন ওসব বলেন। আজ সেলিমের সেই বক্তব্যের প্রতিধ্বনিই শোনা গেল হুমায়ুনের গলায়। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল ত্যাগের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি ‘সাম্প্রদায়িক তাস’ খেলার অভিযোগ তুলে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে মরিয়া হুমায়ুন কবীর।




















