হলদিয়ায় পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে বিস্ফোরণ, ভস্মীভূত একাধিক বাড়ি, দগ্ধ ১৫

হলদিয়া: মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল শিল্পশহর হলদিয়া। হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি পাইপলাইনে আচমকা বিকট বিস্ফোরণ ঘটে। আর তা থেকেই মুহূর্তের মধ্যে বিধ্বংসী আগুন ছড়িয়ে…

Haldia Petrochemicals Pipeline Explosion

হলদিয়া: মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল শিল্পশহর হলদিয়া। হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি পাইপলাইনে আচমকা বিকট বিস্ফোরণ ঘটে। আর তা থেকেই মুহূর্তের মধ্যে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায়। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক বাড়ি। অগ্নিদগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। (Haldia Petrochemicals Pipeline Explosion)

ভোরে বিকট শব্দে আতঙ্ক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তখন সবে ভোর হচ্ছে। আচমকাই পেট্রোকেমিক্যালসের ওই পাইপলাইনে কান ফাটানো শব্দে বিস্ফোরণ ঘটে। কিছু বুঝে ওঠার আগেই আশপাশের বেশ কয়েকটি বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। ভোরবেলার এই ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। শুরু হয় হুড়োহুড়ি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। তারা অগ্নিদগ্ধ অবস্থায় প্রায় ১৫ জনকে উদ্ধার করে।

   

আহতদের অবস্থা ও উদ্ধারকাজ

ভবানীপুর থানা সূত্রে খবর, আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায়, তাঁদের স্থানান্তরিত করা হয়েছে তমলুক মেডিক্যাল কলেজে। হাসপাতাল সূত্রে খবর, এই পাঁচ জনের মধ্যে আবার ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এদিন সকালেই আহতদের দেখতে তমলুক হাসপাতালে যান হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ বিজলি। তিনি বলেন, “পাইপলাইন লিক করে ন্যাপথা বেরিয়ে গিয়েছিল। সেখান থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।”

প্রশাসনের প্রতিক্রিয়া ও তদন্ত

কীভাবে এত বড় বিস্ফোরণ ঘটল, তা নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে পুলিশ প্রশাসন। জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, “কীভাবে এমন ঘটনা ঘটল, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। গোটা ঘটনার তদন্ত চলছে।” অন্যদিকে, ঘটনার পর একটি বিবৃতি জারি করেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষও। সংস্থার তরফে জানানো হয়েছে, “ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এর প্রভাব কতটা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।”

রেল চলাচল ব্যাহত

কারখানার যে পাইপলাইনে এই বিস্ফোরণ ঘটেছে, ঠিক তার পাশ দিয়েই গিয়েছে রেললাইন। বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় ওভারহেড বৈদ্যুতিক তার এবং ট্রান্সফর্মার সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে রেল সূত্রে খবর। ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনের বেশ কিছুটা অংশও। এর ফলে ওই শাখায় রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এদিন সকালে হলদিয়া থেকে হাওড়াগামী প্যাসেঞ্জার ট্রেনটিকে আটকে দেওয়া হয়। আচমকা ট্রেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত মেরামতির কাজে হাত দিয়েছে রেল।