ইউপি স্টাইলে এনকাউন্টার হবে: খড়গপুরে বেলাগাম দিলীপ

খড়্গপুর: রাজ্যে বিধানসভা নির্বাচনের পারদ যত চড়ছে, রাজনৈতিক নেতাদের বাক্যবাণ ততই বেলাগাম হয়ে উঠছে। এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রচারে বেরিয়ে পুলিশের ‘এনকাউন্টার’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের ...

By Moumita Biswas

Published:

Follow Us
Dilip Ghosh Encounter Remark

খড়্গপুর: রাজ্যে বিধানসভা নির্বাচনের পারদ যত চড়ছে, রাজনৈতিক নেতাদের বাক্যবাণ ততই বেলাগাম হয়ে উঠছে। এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রচারে বেরিয়ে পুলিশের ‘এনকাউন্টার’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন খড়গপুরের বিজেপি প্রার্থী তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর নিশানায় যেমন ছিল রাজ্য পুলিশ, তেমনই কড়া ভাষায় তিনি আক্রমণ করেছেন তৎকালীন খড়গপুর পুরসভার চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকারকে।

‘উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার হবে’

বরাবরই নিজের বিতর্কিত এবং চাঁচাছোলা মন্তব্যের জন্য পরিচিত দিলীপ ঘোষ এদিন পুলিশ প্রশাসন এবং স্থানীয় দুষ্কৃতীদের চরম হুঁশিয়ারি দেন। তিনি হুঙ্কার দিয়ে বলেন, “মে মাসের পর দেখবেন এই পুলিশই পাল্টে যাবে। উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার করে কেমন ভেতরে ঢোকাচ্ছে, তখন দেখতে পাবেন।”

   

বিজেপি নেতার আরও সংযোজন, “যে পুলিশ আজ গুন্ডা-মাফিয়াদের সঙ্গে বসে চা খাচ্ছে, তারাই উত্তরপ্রদেশের স্টাইলে এখানে পুলিশ এনকাউন্টার করবে। কারণ এবার বাংলায় পরিবর্তন হবে এবং ক্ষমতায় আসবে বিজেপি।”

রামনবমী নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ

ভোটের মুখে তৃণমূল প্রার্থীর রামনবমী পালন নিয়েও তীব্র কটাক্ষ করেন দিলীপ। তিনি অভিযোগ করেন, ভোটের স্বার্থেই এখন রামনবমীকে প্রাধান্য দিচ্ছে শাসকদল। দিলীপের অভিযোগ, “২০২০-২১ সালে যখন করোনা মহামারী চলছিল, তখন এই প্রদীপ সরকারই পুলিশকে সঙ্গে নিয়ে খড়গপুরে রামনবমীর আখড়া বন্ধ করতে গিয়েছিলেন। ওসিকে সঙ্গে নিয়ে কেস দেওয়া এবং হুমকিও দিয়েছিলেন তিনি।”

দিলীপের দাবি, “আমরা এবং আমাদের কর্মীরা সেই সময় রামভক্তদের পাশে ছিলাম। র‍্যালিও করেছি, কারও গায়ে হাত দেওয়ার দম ছিল না। পরে পুলিশ আমার এবং কার্যকর্তাদের নামে অস্ত্র নিয়ে ভয় দেখানোর মিথ্যে কেস দিয়েছিল।”

তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, “এখন বিশাল বড় কাট-আউট লাগিয়ে রাম ভক্তি দেখাচ্ছেন, এই ভক্তি আসলে ভোটের জন্য।”

‘এটাই দিলীপ ঘোষের স্টাইল!’

বিরোধীদের পাশাপাশি দুষ্কৃতীদের উদ্দেশেও সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিজেপি প্রার্থী। নিজের চেনা মেজাজে তিনি বলেন, “যারা ভয় পাবে, দিলীপ ঘোষ তাদেরকে আরও ভয় দেখাবে। এটাই দিলীপ ঘোষের স্টাইল! দম থাকলে আমার সামনে এসো। তুমি অন্যের মাল লুট করবে, পুলিশ দিয়ে চমকে ভোট করতে যাবে, আর আমি চমকাব না? এখানকার গুন্ডা-মাফিয়াদের বিরুদ্ধে আমি লড়াই করেছি বলেই খড়গপুরের লোক আমাকে ভোট দেয়। এবার আর লড়তে হবে না, সোজা ভেতরে ঢোকাব!”

খড়গপুরে দিলীপ ঘোষের এই ‘এনকাউন্টার’ তত্ত্ব এবং বেলাগাম মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়েছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।