বিধাননগর: সম্পত্তি দখল এবং আর্থিক প্রতারণার মতো গুরুতর অভিযোগে এবার পুলিশের তলবের মুখে পড়লেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। শুধু তিনিই নন, এই মামলায় তাঁর মেয়ে এবং প্রাক্তন জামাইকেও বিধাননগর উত্তর থানার তরফে তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
সূত্রের খবর, সম্প্রতি একটি সম্পত্তি সংক্রান্ত বিবাদ ও প্রতারণার অভিযোগ দায়ের হয় বিধাননগর উত্তর থানায়। অভিযোগকারীদের বয়ানের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে এবং তদন্তের স্বার্থেই প্রাক্তন ডেপুটি মেয়র ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ প্রশাসন। সেই কারণেই তাঁদের থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এই পুলিশি তলবের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অতীন ঘোষ। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে প্রাক্তন ডেপুটি মেয়রের স্পষ্ট দাবি, বিধাননগর উত্তর থানা বা পুলিশের তরফ থেকে তিনি এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও নোটিস বা সমন হাতে পাননি।
পুলিশের এই তলব এবং অতীন ঘোষের অস্বীকার, সব মিলিয়ে এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এখন দেখার, এই জল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এবং পুলিশ প্রশাসন পরবর্তী কী আইনি পদক্ষেপ গ্রহণ করে।



