কলকাতা:
বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল রাজারহাট। শুক্রবার গভীর রাতে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। তবে এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর মেলেনি। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগেই ওই বাড়িতে দু’জন নতুন ভাড়াটে এসেছিল। শুক্রবার রাতে হঠাৎই বিস্ফোরণটি ঘটে। স্থানীয়দের দাবি, দুই নাবালক একটি ব্যাগ নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেছিল। তারা ওই বাড়ির একটি ঘরে ব্যাগটি রেখে বেরিয়ে আসার অল্প কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই ব্যাগের ভেতরে ঠিক কী ছিল, তা ওই নাবালকরা জানত কি না, তা নিয়েও ধন্দ রয়েছে স্থানীয়দের মধ্যে।
বিস্ফোরণের বিকট শব্দ শুনেই স্থানীয়রা ছুটে আসেন এবং তড়িঘড়ি খবর দেওয়া হয় নারায়ণপুর থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সম্ভবত সুতলি বোমা ফেটেই এই বিপত্তি। এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই পুলিশ ওই বাড়িটি ঘিরে তদন্ত শুরু করেছে। ব্যাগের ভেতরে কী ছিল, বিস্ফোরণের উৎস কী এবং কারা এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
ময়নায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বাজারের ৫ দোকান, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা
সোনমকে তুলে নিয়ে যাওয়া হল হাসপাতালে, যন্তর মন্তর খালি করল পুলিশ





