নয়াদিল্লি: টানা ২০ দিনের অনশনের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত সমাজসেবী সোনম ওয়াংচুককে যন্তর মন্তর থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ। শনিবার ভোরের আলো ফোটার আগেই পুলিশি অভিযানে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের কেন্দ্রবিন্দু থেকে সোনমকে সরিয়ে নেওয়ায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে যন্তর মন্তর এলাকায়। (How Sonam Wangchuk Was Shifted From Protest Site )
কীভাবে ঘটল এই ঘটনা?
শনিবার ভোরের দিকে সাদা পোশাকের পুলিশকর্মীরা যন্তর মন্তরের প্রতিবাদস্থল ঘিরে ফেলে। সোনমকে বাইরে থেকে কেউ দেখতে না পান, তার জন্য চারপাশ ঘিরে ফেলা হয় পর্দা দিয়ে। এরপরই তাঁকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় সফদরজং হাসপাতালের জরুরি বিভাগে। পুলিশের দাবি, দিল্লির হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই সোনমের জীবনের সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, হাইকোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট বলা হয়েছিল, “প্রতিটি নাগরিকের জীবন অমূল্য”। সেই দায়বদ্ধতা থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এই পদক্ষেপ।
হাসপাতালের আপডেট
সফদরজং হাসপাতালের তরফে জানানো হয়েছে, সোনম ওয়াংচুক বর্তমানে স্থিতিশীল এবং জ্ঞান রয়েছে। তবে দীর্ঘদিনের অনশন ও পানিশূন্যতার কারণে তিনি অত্যন্ত দুর্বল। শারীরিক প্যারামিটারগুলো স্বাভাবিক করতে তাঁকে টানা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পরিবারের হুঁশিয়ারি
হাসপাতালে ভর্তির পর সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো পুলিশের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, তাঁর বা পরিবারের সম্মতি ছাড়া সোনমকে কোনো ওষুধ বা চিকিৎসা দেওয়া যাবে না। তাঁর কথায়, “আমি হাসপাতালের উপস্থিত আছি। আমার অনুমতি ছাড়া কোনো চিকিৎসা শুরু করা যাবে না। যদি কোনো অঘটন ঘটে, তবে তার জন্য দায়ী থাকবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।”
অন্দরে আরও উত্তাপ
সোনমকে সরিয়ে দেওয়ার পরই যন্তর মন্তর খালি করার জন্য আন্দোলনকারীদের আর্জি জানিয়েছে দিল্লি পুলিশ। তবে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র কর্মীরা এই পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন। সোনমকে সরিয়ে দিলেও আন্দোলন যে থামছে না, তা স্পষ্ট করে দিয়ে তাঁরা জানিয়েছেন, আগামী ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের দিনই তাঁরা সংসদ অভিযানের কর্মসূচিতে অনড় রয়েছেন।
প্রসঙ্গত, দিল্লিতে নতুন পুলিশ কমিশনার অনুরাগ কুমারের দায়িত্ব গ্রহণের পরপরই এই অভিযান তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে হাইকোর্টের হস্তক্ষেপ, অন্যদিকে সরকারি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অনড় অবস্থান, সব মিলিয়ে এই অনশন ঘিরে এখন উত্তপ্ত রাজধানী।
সোনমকে তুলে নিয়ে যাওয়া হল হাসপাতালে, যন্তর মন্তর খালি করল পুলিশ
জাল নথি নিয়ে মাদ্রাসায় আশ্রয়! কেরলে গ্রেফতার অবৈধ বাংলাদেশি মশিউর





