
Kolkata, May 17: আর ২ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই কোহলিদের প্লে-অফ নিশ্চিত। (RCB vs Punjab)সেই লক্ষ্যেই আজ, রবিবার (১৭ মে) পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছন্দহীন পঞ্জাবের বিরুদ্ধে আজকের এই ম্যাচে জয়ের জন্য মরিয়া আরসিবি। ধর্মশালায় খেলা শুরু দুপুর ৩:৩০ মিনিটে।
দুরন্ত ছন্দে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। বিশেষত প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। শেষ ম্যাচে তাঁরই দাপটে জয় পেয়েছে বেঙ্গালুরু। তার আগের ম্যাচে ক্রুনাল পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমার ম্যাচ জিতিয়েছিলেন। দলের জয়ে প্রত্যেক ম্যাচে কেউ না কেউ জেগে উঠছেন। এই মুহূর্তে তারা ১২ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। এই ম্যাচে জিততে পারলেই প্লে-অফে যাওয়া কেউ আটকাতে পারবে না।
আরও দেখুনঃ ভোট প্রচারে বিজেপি কর্মীদের পেটানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা রাজু পাড়ুই
অন্যদিকে বেসামাল পরিস্থিতি পঞ্জাব শিবিরে। টুর্নামেন্টের প্রথমার্ধে একচ্ছত্র দাপট দেখালেও এখন নিস্তেজ হয়ে পড়েছে শ্রেয়স আয়ারব্রিগেড। এখন তারা ১২ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। টানা পাঁচ ম্যাচে জয়ের স্বাদ পায়নি তারা। এমতাবস্থায় আজ তাদের জয়ের খিদে অনেক বেশি। প্লে-অফে যেতে হলে বেঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট সংগ্রহ করা ছাড়া আর কোনো উপায় নেই।
পরিসংখ্যান অনুসারে, আইপিএলে পঞ্জাব ও বেঙ্গালুরু – এই দুটি দল ৩৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৯টি ম্যাচে এবং পাঞ্জাব কিংস ১৮টি ম্যাচে জয়লাভ করেছে। এখানে টক্কর সমানে সমানে।
আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, রবিবার বিকেলে ধর্মশালার আকাশ মেঘলা থাকবে এবং সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২২° সেলসিয়াস এবং আর্দ্রতা ৫২ শতাংশ থাকার কথা রয়েছে।
ধর্মশালার এই পিচে দ্বিতীয় ইনিংসে উইকেটটি ভালো আচরণ করে। এখানে শুরুর দিকে ফাস্ট বোলারদের জন্য ভালো সুইং এবং ক্যারি থাকবে। তবে, সময়ের সাথে সাথে ব্যাটিং পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করা হচ্ছে।
পঞ্জাব কিংস সম্ভাব্য একাদশ: প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), কুপার কনোলি, শ্রেয়স আয়ার (অধিনায়ক), সূর্য্যাশ সেডগে, শশাঙ্ক সিং, আজমতুল্লাহ ওমরজাই, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, অর্শশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট প্লেয়ার: হরপ্রীত ব্রার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ: জ্যাকব বেথেল, বিরাট কোহলি, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ভেঙ্কটেশ আইয়ার, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রাসিখ সালাম দার, জ্যাকব ডাফি, জশ হ্যাজেলউড।
ইমপ্যাক্ট প্লেয়ার: দেবদত্ত পাডিক্কল।

