যুবভারতীতে মিনি ডার্বি, আমনে সামনে মোহনবাগান-মহামেডান

mohun-bagan-vs-mohammedan-sc

সোহিনী পোড়েল, কলকাতা: গত মরশুমের মতো চলতি মরশুমেও দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। টানা ২ ম্যাচে অনবদ্য জয় পেয়েছে সবুজ মেরুন। অন্যদিকে ২ ম্যাচেই হারের মুখ দেখেছে মহামেডান। শনিবার সন্ধ্যায় যুবভারতীতে হতে চলেছে মিনি ডার্বি। মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান মোহনবাগান ও মহামেডান। সাদা কালো বিগ্রেডকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া সবুজ মেরুন।

কেরালা ও চেন্নাইয়িনের মতো মহামেডানের বিরুদ্ধেও নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া সার্জিও লোবেরার ছেলেরা। খাতায় কলমে সাদা কালো বিগ্রেডের থেকে অনেকটাই এগিয়ে মোহনবাগান। এই ম্যাচে হট ফেভারিট মেরিনার্সরা। বিদেশহীন মহামেডান। তবে সাদা-কালো বিগ্রেডকে হালকাভাবে নিতে নারাজ বাগান কোচ সার্জিও লোবেরা। অন্যদিকে মোহনবাগানকে হারাতে নিজেদের সবটা দিয়ে লড়াই করতে প্রস্তুত মহামেডান।

   

বাগান কোচ সার্জিও লোবেরা জানিয়েছেন, “আমি কোনও দলকেই দুর্বল ভাবি না। তাই মহমেডানকেও ছোট করে দেখছি না। দুর্বল ভেবে ফুটবলারদের মনোভাবে বদল হোক সেটা একেবারেই কাম্য নয়। প্রথম দুই ম্যাচে দল যে ভাবে খেলেছে, সে ভাবেই খেলতে হবে। তিন পয়েন্ট খুবই দরকার। এমনিতেই আমরা ছোট লিগ খেলছি। সেখানে হোঁচট খেলে পরের দিকে সমস্যায় পড়তে হবে। মহমেডানে কারা খেলছে সেটা নিয়ে ভাবছিই না। এটাই মাথায় রাখছি, ওরা হারলেও প্রতি ম্যাচে নিজেদের উজাড় করে দিচ্ছে। আগের ম্যাচে জামশেদপুরও ওদের হারাতে গিয়ে যথেষ্ট পরিশ্রম করেছে। তাই আমাদেরও মহমেডানের বিরুদ্ধে সেরাটা দিতে হবে।“

শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান-মহামেডান। এই ম্যাচ সোনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে এই ম্যাচ।