
নয়াদিল্লি: ১৪ বছর বয়সি কিশোরীদের জরায়ু মুখ বা সারভাইকাল ক্যানসার থেকে রক্ষা করতে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র। শনিবার রাজস্থানের আজমের থেকে দেশজুড়ে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV) টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্যোগকে দেশের কন্যাদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন তিনি।
কন্যাদের সুরক্ষায় মোদীর বার্তা
টিকা কর্মসূচির সূচনার আগে প্রধানমন্ত্রী মোদী এক্স (X) হ্যান্ডেলে জানান, “দেশের কন্যারা যাতে সুস্থ এবং সমৃদ্ধ থাকে, তা নিশ্চিত করতে আমরা কোনও খামতি রাখছি না।” সরকারের ‘সুস্থ নারী’ দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই টিকাকরণ অভিযান শুরু হয়েছে। প্রতি বছর দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ১.১৫ কোটি ১৪ বছর বয়সি কিশোরীকে এই টিকার আওতায় আনা হবে। সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।
কোথায় ও কীভাবে মিলবে এই টিকা? HPV vaccination drive India
সরকারি নির্দেশিকা অনুযায়ী, সুনির্দিষ্ট জনস্বাস্থ্য পরিকাঠামোর মাধ্যমে এই টিকাকরণ চলবে। আয়ুষ্মান আরোগ্য মন্দির (প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র), কমিউনিটি হেলথ সেন্টার, ব্লক ও জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজগুলিতে এই টিকা দেওয়া হবে। গোটা প্রক্রিয়াটি চলবে প্রশিক্ষিত চিকিৎসকদের তত্ত্বাবধানে। এই টিকাকরণ সম্পূর্ণ স্বেচ্ছামূলক (Voluntary)। টিকা দেওয়ার আগে অভিভাবক বা আইনি তত্ত্বাবধায়কের সম্মতি নেওয়া বাধ্যতামূলক।
আজমেরে ১৬ হাজার কোটির প্রকল্প
শনিবার প্রধানমন্ত্রীর আজমের সফর শুধুমাত্র স্বাস্থ্যখাতেই সীমাবদ্ধ ছিল না। এদিন তিনি নগরোন্নয়ন, পানীয় জল সরবরাহ, সেচ, বিদ্যুৎ এবং শিল্প পরিকাঠামো ক্ষেত্রের ১৬,৬৮০ কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। পাশাপাশি, একটি জনসভা থেকে রাজস্থানের বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত কর্মীদের হাতে নিয়োগপত্রও তুলে দেন তিনি।

