মহামেডানকে নিয়ে ছিনিমিনি খেলল মোহনবাগান, জয়ের হ্যাটট্রিক সবুজ-মেরুনের

mohun-bagan-5-1-win-mohammedan-isl-Kolkata Derby-hat-trick

সোহিনী পোড়েল, কলকাতা: কলকাতা ময়দানের তিন প্রধান। মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান। শনিবার সন্ধ্যায় মুখোমুখি হয়েছে এর মধ্যে দুই প্রধান (Kolkata Derby) অর্থাৎ, মোহনবাগান ও মহামেডান। যদি আমরা ধরেনি কলকাতা ময়দান মানে ‘মা’। তাহলে তাঁর সন্তান মোহন-ইস্ট-মহামেডান। যুবভারতীতে যেন এক মায়ের দামাল ছেলে মোহনবাগান ও আরেক শান্ত ছেলে মহামেডান লড়াইয়ে নেমেছে। দামাল ছেলের কাছে যে নতজানু হবে শান্ত ছেলে, তা আর বলার অপেক্ষা রাখে না। হলও তাই। সাদা কালো বিগ্রেডের বিরুদ্ধে একের পর এক গোল করে জয়ের সরণিতে মেরিনার্সরা। আইএসএলে জয়ের হ্যাটট্রিক করল সবুজ মেরুন। ৫-১ ব্যবধানে জয় পেল পালতোলা নৌকা। মিনি ডার্বি মোহনবাগানের দখলে।

Mohammedan SC vs Mohun Bagan

   

ম্যাচের শুরু থেকেই দাপট সার্জিও লোবেরার ছেলেদের। মেরিনার্সদের আক্রমণে নাজেহাল অবস্থা সাদা কালো বিগ্রেডের। যদিও দমে যেতে নারাজ মহামেডান। ১২ মিনিটে কর্নার পায় সাদা কালো বিগ্রেড। বক্সের ভিতরে দুর্দান্ত হেডে দূরের কোণে বল জালে জড়িয়ে দেন লালথানকিমা। এগিয়ে যায় মহামেডান। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সবুজ মেরুন। ২২ মিনিট নাগাদ ম্যাচ সমতায় ফেরান রবসন। জেসন কামিন্সের পাস থেকে ডিফ্লেকশন খেয়ে বল গিয়ে পড়ে তাঁর পায়ের সামনে। ব্যাস, সুযোগ মিসের কোনও প্রশ্নই নেই। জোরালো শটে বল জালে পাঠিয়ে দেন রবসন। এর ঠিক কয়েক মিনিটের মধ্যেই অর্থাৎ, ২৭ মিনিটে ফের জাল কাঁপান রবসন। ২-১ ব্যবধানে এগিয়ে যায় মেরিনার্সরা।

৩৫ মিনিট নাগাদ মাঝমাঠ থেকে দারুণ ক্রস ভাসান অময় রানওয়াডে। সেই বল হেড করেন কামিন্স। যদিও তা বাঁচিয়ে দেন শুভজিৎ। কিন্তু কোনও লাভ হয়নি। রিবাউন্ডে বল পেয়ে যান জেমি ম্যাকলারেন। একেবারে গোলের সামনে থাকায় জাল বল জড়াতে কোনও ভুল করেননি তিনি। প্রথমার্ধ শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকে মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের একের পর এক আক্রমণে যায় সার্জিও লোবেরার ছেলেরা। ৬২ মিনিটে বক্সের ভিতরে দুর্দান্ত বল ভাসিয়ে দেন লিস্টন কোলাসো। সেই বল হেডে গোল করেন মনবীর সিং। মোহনবাগান যেন একের পর এক চমক দিচ্ছে সাদা কালো বিগ্রেডকে। ৭০ মিনিটের মাথায় মহামেডানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মোহন জনতার আদরের দিমিত্রি পেত্রাতোস। ম্যাচে আর ফিরতে পারেনি সাদা কালো বিগ্রেড। স্কোরলাইন ৫-১।