
দেশের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। মাঠে নেমে দেশের জন্য লড়েছেন সৈনিকের মতো। অথচ আজ তাঁর নাগরিক পরিচয়ই যেন প্রশ্নের মুখে। এসআইআর (SIR) শুনানিতে তলব করা হয়েছে প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেনকে (Mehtab Hossain)। এর আগে একই নোটিস পাঠানো হয়েছিল তাঁর মায়ের কাছেও। ভোটার তালিকায় তথাকথিত গরমিলের অভিযোগে এবার সরাসরি শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে তারকা ফুটবলারকে।
বিশ্বকাপে পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ, ভারতের গোপন অস্ত্র এই ৫!
এসআইআর নোটিস হাতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মেহতাব। গোটা প্রক্রিয়াকে তিনি আখ্যা দিয়েছেন অপরিকল্পিত ও অমানবিক বলে। তিনি বলেন, “এই প্রক্রিয়াটা নিয়ে অনেক ভাবনাচিন্তা করা উচিত ছিল। যথাযথ পরিকল্পনা না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। প্রচুর বয়স্ক মানুষকে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। হাজিরা দিতে গিয়ে তাঁদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।”
মেহতাবের প্রশ্ন আরও গভীর ও বাস্তবের মাটি ছোঁয়া। যাঁদের মাধ্যমিকের শংসাপত্র নেই, যাঁদের সারাজীবনে পাসপোর্ট বানানোর প্রয়োজন পড়েনি। তাঁরা আজ হঠাৎ করে সেই নথি কোথা থেকে জোগাড় করবেন? নাগরিকত্ব প্রমাণের এই দৌড়ে সবচেয়ে বিপাকে পড়ছেন প্রবীণরা। এমনটাই মনে করছেন প্রাক্তন ফুটবলার।
কয়েকদিন আগেই এসআইআর নোটিস গিয়েছিল মেহতাবের মায়ের কাছে। কমিশনের দাবি, ভোটার তালিকায় তাঁর নামে তথ্যগত অসঙ্গতি রয়েছে। একই অভিযোগে এবার মেহতাবকেও তলব করা হয়েছে। জাতীয় দলের হয়ে খেলার পরেও কেন এমন পরিস্থিতি? ক্ষোভ উগরে দিয়ে মেহতাব বলেন, “এটা শুধু আমার বিষয় নয়। আমরা ছাড়াও হাজার হাজার সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। ভোটার কার্ড তো সরকারই দিয়েছে। সেখানে ভুল থাকলে সংশ্লিষ্ট আধিকারিকদের ডাকা হোক। আমজনতাকে কেন এইভাবে হয়রানি করা হবে?”
অপেক্ষার অবসান, দুই ফুটবলারের যোগদানের কথা ঘোষণা করে দিল দিল্লি
জানা গিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি শুনানির দিন নির্ধারিত হয়েছে। খেলার সূত্রে ব্যস্ততা থাকলে পরের দিন হাজিরা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগে জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকেও এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। যাঁরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বা এখনও করছেন, তাঁদেরও কি নিজেদের বৈধ ভোটার বলে প্রমাণ করতে হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রীড়ামহলে।
এসআইআররের নামে ক্রীড়াবিদদের হেনস্তার অভিযোগ তুলে স্বামী বিবেকানন্দের জন্মদিনে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন একাধিক খেলোয়াড়। কিন্তু তাতেও পরিস্থিতির বদল হয়নি। রহিম নবি, মেহতাব হোসেনদের তলব অব্যাহত।













